শান্তিপূর্ণভাবে হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক-প্রকাশকদের ওপর হামলা-হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশে আধা বেলা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল ও শুক্রবার বেলা তিনটায় শাহবাগে গণসংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে শাহবাগে অবস্থান নিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

গত শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ সারা দেশে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করে। হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচীসহ বিভিন্ন সংগঠন সমর্থন দেয়।

গতকাল সকাল ছয়টা থেকেই শাহবাগের প্রজন্ম চত্বর ও টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মঞ্চের কর্মীরা। এ সময় শাহবাগ, কাঁটাবন, টিএসসিসহ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন তাঁরা। রাস্তা আটকে মঞ্চের কর্মীদের অবস্থানের কারণে শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। হরতালের কারণে রাজধানীর রাস্তায় যানবাহন তুলনামূলক কম দেখা যায়।

হরতালে সকালে শাহবাগে সড়ক বন্ধ থাকায় অনেকেই যানবাহন থেকে নেমে হেঁটে মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেছেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন না ঠিকই, কিন্তু যে ইস্যুতে হরতাল হচ্ছে, তার প্রতি পূর্ণ সমর্থন আছে তাঁর। এ ধরনের হত্যার বিরুদ্ধে সবারই প্রতিবাদ জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শাহবাগে সকালের সমাবেশে ইমরান বলেন, এই হরতাল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে, যা প্রমাণ করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের সড়কেও প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে সিপিবি-বাসদের সমাবেশের কারণে পুরানা পল্টনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ভোরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) গেটের সামনে অবস্থান নিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তিন কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। এ ছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরে গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালের সমর্থনে কর্মসূচি পালন করেছেন।

হরতালের কারণে গতকাল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সকালের পরীক্ষা পিছিয়ে বিকেলে নেওয়া হয়। হরতালের কারণে পরীক্ষার সময় পেছানোর জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইমরান এইচ সরকার। সাধারণ জনগণের কষ্টের জন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি।