শান্তিপূর্ণভাবে হরতাল পালন
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া গতকাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। রাজশাহী, বরিশাল, সিরাজগঞ্জ ও ভোলায় ভাঙচুর ও পিকেটিংয়ের সময় পুলিশ ১৭ জনকে আটক করেছে। পঞ্চগড়ে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির মিছিল। বরগুনায় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গাড়ি ভাঙচুরের সময় পুলিশ তিনজনকে আটক করেছে। এ ছাড়া হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকে রিকশা ছাড়া অন্য কোনো যান নগরে চলাচল করেনি। সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন। নগরের শাহ মখদুম এলাকায় নওহাটা এলাকায় ব্যাটারিচালিত রিকশা ভাঙার সময় পুলিশ সাগর আহমেদ (২৩), মিলন রেজা (২২) ও শাহনেওয়াজ (২৫) নামে তিনজনকে আটক করে। শাহ মখদুম থানার ওসি ফজলুর রহমান জানান, দ্রুত বিচার আইনে মামলা করে আজ (বুধবার) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।কুড়িগ্রাম: হরতাল আংশিক পালিত হয়েছে। এ ছাড়া নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় কোনো হরতাল হয়নি। হরতাল চলাকালে জেলা শহরের দোকানপাট আংশিক বন্ধ ছিল। বাস-ট্রাক চলাচল করেনি।ফরিদপুর: ফরিদপুর ছিল শান্ত। তবে কিছু রিকশা ও অটোবাইক চলাচল করতে দেখা গেছে। সকালে কামারখালী থেকে একটি বাস ফরিদপুর বাসস্ট্যান্ডে এলেও দুপুর পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। গত সোমবার বিকেলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শহর বিএনপির সহসভাপতি মাহবুবর রহমান গতকাল জামিনে ছাড়া পেয়েছেন।সিরাজগঞ্জ: কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকালে শহরের মিরপুর এলাকায় পিকেটাররা একটি ট্রাকের কাচ ভাঙচুর করে। ইবি রোড বিএনপি কার্যালয়ের সামনে পিকেটিং করার সময় পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। অফিস, আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।বরিশাল: হরতাল সমর্থকেরা ভোর পাঁচটায় নগরের হাসপাতাল রোড এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া নগরের সদর রোড, নথুল্লাবাদ, আবহাওয়া অফিস এলাকায় রাস্তায় গাছ ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ সৃষ্টি করে। বেলা সাড়ে ১১টায় নগরের পোর্ট রোড এলাকায় একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।ভোলা: সকাল থেকে ভোলা খেয়াঘাট সড়ক, ভোলা আলিয়া মাদ্রাসা সড়ক, সদর রোড, ইলিশা বাসস্ট্যান্ড, ভোলা চরফ্যাশন বাসস্ট্যান্ডসহ ভোলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। পিকেটাররা সকাল থেকেই টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ধাওয়া করে আট পিকেটারকে আটক করেছে।খুলনা: দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের বিপক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন খণ্ড খণ্ড মিছিল বের করলেও পুলিশের বাধায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন কোনো মিছিল করতে পারেনি। সকাল থেকে হরতাল সমর্থকেরা নগরের পিকচার প্যালেস মোড়, ক্লে রোডসহ সদর থানাসংলগ্ন বিএনপি কার্যালয়ের আশপাশে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাঁদের পিকচার প্যালেস ও দলীয় কার্যালয়ের বাইরে বের হতে দেয়নি। দুপুর সোয়া ১২টার দিকে পিকচার প্যালেস মোড় থেকে হটিয়ে তাঁদের দলীয় কার্যালয়ের সামনে যেতে বাধ্য করা হয়।