‘এর আগের দিন (৫ জানুয়ারি) জামায়াত-বিএনপির লাঠিয়ালরা হামাক ভোট দিবা দেয় নাই। আইজ ভোটকেন্দ্রত যেই রকম পুলিশ, বিজিবি আর আর্মিরা আছে। ওই দিন থাকিলে ওরা ভোটকেন্দ্রত আসিবা পারিলি না হয়।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কথাগুলো বলছিলেন খানসামা উপজেলার মাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসা একজন ভোটার।
গতকাল এই আসনের দুই উপজেলার কমপক্ষে ১৫টি কেন্দ্রে গিয়ে উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের উপস্থিতি চোখে পড়েছে। প্রতিটি কেন্দ্রে সারি বেঁধে ভোটারদের ভোট দিতে দেখা যায়।
বেলা আড়াইটায় খানসামা উপজেলার ভেড়ভেড়ি বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অনিল কুমার রায় জানান, এক হাজার ৮৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৮৭ জন ভোট দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, ৫ জানুয়ারি সহিংসতার কারণে এই আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে ৫৭টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।