শান্তির অন্বেষায় ২৮ জানুয়ারি রংপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের দাবি ও হরতাল-অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে রংপুরে গতকাল রোববার শান্তির অন্বেষণে ‘জাগো রংপুর’ নামের একটি সংগঠন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
এ ছাড়া ২৮ জানুয়ারি রংপুর নগরে পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব সৈয়দ মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন। এ ছাড়া সম্প্রতি রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে ছয়জনসহ সারা দেশে মানুষ হত্যার প্রতিবাদে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, নারী সংগঠক ও উন্নয়নকর্মী মোশফেকা রাজ্জাক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দেশে নৈরাজ্যের প্রতিবাদে এবং শান্তি ও নিরাপত্তা এবং আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়ে ২৮ জানুয়ারি বেলা ১১টায় রংপুর নগরের প্রধান সড়কের পাশে পাঁচ কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।