শান্তির জন্য কাজ করার আহ্বান বনভান্তের
ব্যাপক উৎসাহ ও ধর্মীয় মর্যাদায় বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তে নামে খ্যাত সাধনানন্দ মহাস্থবিরের ৯২তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ও শনিবার রাঙামাটি রাজবন বিহারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধক বনভান্তে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে পৃথিবীর সর্বজীবের প্রতি দয়া, করুণা ও মৈত্রীভাব সৃষ্টির মাধ্যমে বিশ্বশান্তি ও মঙ্গলের জন্য কাজ করে যেতে শিষ্য ও ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। সাধক বনভান্তের জন্মদিনে বৌদ্ধধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও উন্নতি কামনা করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বনভান্তের জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে পার্বত্য চট্টগ্রামের দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ রাঙামাটি রাজবন বিহারে আসতে থাকে। রাত ১২টা এক মিনিটে সাধুবাদ ধ্বনির মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপন শুরু হয়। ভোর ছয়টায় বনভান্তে বিহার অভ্যন্তরের দেশনালয়ে গিয়ে শিষ্যদের পক্ষ থেকে দেওয়া কেক কাটেন ও মোমবাতি প্রজ্বালন করেন। পরে ধর্মীয় পতাকা উত্তোলন ও ভক্তদের কাছ থেকে ফুলসহ নানা সামগ্রী গ্রহণ করেন বনভান্তে। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। সোয়া নয়টায় বনভান্তে মূল অনুষ্ঠানস্থলে গিয়ে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ ও সাধারণ পুণ্যার্থীদের পক্ষ থেকে দেওয়া কেক কাটেন এবং বিহারের ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং উপাসক-উপাসিকা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান বনভান্তের হাতে ফুলের তোড়া তুলে দেন।