শান্তির জন্য কাজ করার আহ্বান বোমাং রাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের শান্তিপূর্ণ পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে যেতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী। বান্দরবানে ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উৎসবের শুরুর দিনে গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানান তিনি। আজ শুক্রবার পুণ্যাহর দ্বিতীয় দিনে রাজদরবারে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) সম্মেলন অনুষ্ঠিত হবে।রাজপুণ্যাহ হচ্ছে জুমচাষি আদিবাসীদের কাছ থেকে বোমাং রাজার বার্ষিক খাজনা বা জুম রাজস্ব আদায়ের আনুষ্ঠানিকতা। বোমাং রাজারা ১৮৭৫ সাল থেকে রাজপুণ্যাহ উৎসব শুরু করেন। সেই ঐতিহ্য মেনে এখনো প্রতিবছর রাজপুণ্যাহ হয়ে আসছে বলে জানান রাজপুত্র চহ্লাপ্রু।বেলা ১১টায় ৯৭ বছর বয়সী রাজা অংশৈপ্রু চৌধুরী সেপাই-শান্ত্রি, পাইক-পেয়াদা পরিবেষ্টিত হয়ে রাজার মাঠে রাজকীয় জৌলুসে সাজানো রাজদরবারে পৌঁছান। এ সময় রাজার সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেলের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রশিদ, পুলিশ সুপার কামরুল আহসান ও ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের প্রধান প্যাট্রিক সুইটিং। রাজাদরবারে পৌঁছানোর পর ঐতিহ্য অনুযায়ী উপস্থিত কয়েক হাজার নারী-পুরুষ, দেশি-বিদেশি পর্যটক তাঁকে কুর্ণিশ করে অভিবাদন জানান।ভাষণে রাজা বলেন, ‘১৯০০ সালে যখন এক টাকায় চারটি বড় আকারের মোরগ পাওয়া যেত, তখন জুমের খাজনা ছয় টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই খাজনা বাড়ানো হয়নি বলে এখন তা প্রতীকী হয়ে দাঁড়িয়েছে। খাজনার পরিমাণ ও খাজনা আদায় প্রতীকী হলেও রাজপুণ্যাহ উৎসব যে মানুষে মানুষে মহামিলনের স্মারক ও ধারক, তা পুরোপুরি বাস্তব। এ জন্য রাজপুণ্যাহর গুরুত্ব আত্মিক উন্নয়নে মূল্যায়ন করতে হবে। আর্থিক পরিমাণে এর গুরুত্ব নির্ধারণ করা সম্ভব নয়।’প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, সময়ের সঙ্গে সংগতি রেখে হেডম্যান ও কার্বারিদের ভাতা বাড়ানো হবে। ভূমি রাজস্ব বাড়ানোর ব্যাপারেও হেডম্যান-কার্বারিদের পক্ষ থেকে তাগিদ দিতে হবে। উৎসব ঘিরে বান্দরবান জেলা শহর দেশি-বিদেশি পর্যটক ও ঐতিহ্যপ্রিয় হাজারো আদিবাসী-বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। এই পুণ্যাহ উৎসব ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।