
পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে আন্দোলন ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন। এ জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার রাঙামাটিতে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।
এদিকে চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল খাগড়াছড়ি ও বান্দরবানেও নানা কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: সকালে শহরের বিজয় সরণি এলাকা থেকে মিছিল বের করে জনসংহতি সমিতি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জিমনেসিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সাংসদ ঊষাতন তালুকদার বলেন, চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। জনসংহতি সমিতির নেতা-কর্মীসহ সাধারণ জুম্ম জনগণের ওপর নির্যাতন ও দমন–পীড়ন চালাচ্ছে শাসকগোষ্ঠী। নানাভাবে দখল করা হচ্ছে জুম্ম জনগণের ভিটেমাটি।
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি জেলা যুব সমিতির সাধারণ সম্পাদক বরুণ ত্রিপুরা।
এদিকে সকালে জেলা পরিষদের উদ্যোগে পরিষদের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৭২ ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে। বাকি ধারাগুলো বাস্তবায়নাধীন। পুরোপুরি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে। অসহযোগ আন্দোলন করে কখনো চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ ফিরোজা বেগম চিনু, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী।
এ ছাড়া জনসংহতি সমিতির উদ্যোগে বাঘাইছড়ি উপজেলায়ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সাংসদ বলেন, ‘শেখ হাসিনার সরকার চুক্তি করে পাহাড় ও সমতলের বৈষম্য দূর করতে সক্ষম হয়েছে।’

পরে পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদর জোনের কমান্ডার লে. কর্নেল হাসান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী।
বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যায় আতশবাজি ও ফানুস ওড়ানো হয়। ব্যান্ডদল সোলসের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): বেলা ১১টায় সোনাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠে জেএসএস নেতা থোয়াইক্যাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেএসএসের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি মংমং মার্মা, আদিবাসী ফোরামের কক্সবাজার জেলা শাখার সভাপতি থোয়াইঅং রাখাইন, সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন, জেএসএসের বাইশারী ইউনিয়ন শাখার সভাপতি নিউহ্লা মং মার্মা।
সভায় বক্তারা বলেন, পাহাড়ে অপহরণ ও খুনসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। নাইক্ষ্যংছড়িতে পাঁচ-ছয়জন নিরীহ পাহাড়ি খুন ও অপহরণের শিকার হয়েছে। সম্প্রতি দৌছড়ি ইউনিয়ন থেকে দুজন পাহাড়ি নিখোঁজ হয়েছেন। আগামী সাত দিনের মধ্যে নিখোঁজ পাহাড়িদের উদ্ধার করা না হলে নাইক্ষ্যংছড়ি অচল করে দেওয়া হবে।