শান্তির পথে সরকারকে আসতে বললেন ফখরুল
দেশকে সংঘাত ও নৈরাজ্যের দিকে ধাবিত না করে ‘শান্তির পথে’ আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা’র সফলতা আঁচ করতে পেরে সরকার শান্তিপূর্ণ কর্মসূচিকে যেকোনো উপায়ে বাধাগ্রস্ত ও ভন্ডুল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে।’ তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং প্রহসনের নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ সভা-সমাবেশ বন্ধ করার পাঁয়তারা করছে। যৌথ বাহিনী দিয়ে সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলায় জড়ানো, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে সারা দেশে যৌথ বাহিনী দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন, নিপীড়ন বন্ধ করুন, জনগণের দাবি মেনে নিয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের পথে আসুন, দেশকে সংঘাত ও নৈরাজ্যের দিকে ধাবিত না করে শান্তির পথে আসুন, অন্যথায় জনগণ তাদের দাবি আদায়ে অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে গণদাবি মেনে নিতে আপনাদেরকে বাধ্য করবে।’