শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে একটি মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির থানা পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনীর মধ্য দিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। কিন্তু একটি মহল সেই পরিবেশ নস্যাৎ করতে চাইছে। এর অংশ হিসেবে জনসংহতি সমিতির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
গত শুক্রবার বান্দরবান শহরের উজানিপাড়া এলাকা থেকে জনসংহতি সমিতির সেতা সুভাষ তঞ্চঙ্গ্যা ওরফে বাচ্চুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সমিতির রাঙামাটির রাজস্থলী শাখার সাংগঠনিক সম্পাদক।
গতকালের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুভাষ তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। এভাবে অন্যায় অত্যাচার চালানো হলে গণতান্ত্রিক আন্দোলনের পরিবর্তে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে হুমকি দেওয়া হয়। পরে সুভাষ তঞ্চঙ্গ্যাসহ জনসংহতি সমিতির সব নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ্মলোচন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও জনসংহতি সমিতির রাঙামাটি জেলা তথ্য ও প্রচার সম্পাদক বিনয় সাধন চাকমা।
সুভাষ তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তারের বিষয়ে বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বলেন, বান্দরবান থানায় দায়ের করা দুটি চাঁদাবাজির মামলার তদন্তে সুভাষের নাম এসেছে। সে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।