শান্তির পৃথিবী গড়তে সাহিত্যচর্চা: তথ্যমন্ত্রী

জাতিগত সংঘাত ও মানুষে মানুষে লড়াই বন্ধ করে শান্তির পৃথিবী গড়তে সাহিত্যচর্চা অনন্য হাতিয়ার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’ আয়োজিত আন্তর্জাতিক লেখক দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা ক্রমাগত যন্ত্রে রূপান্তরিত হচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এ প্রেক্ষাপটে মানুষের মানবিকতা সংরক্ষণের জন্য সাহিত্য-সংস্কৃতির চর্চা বৃদ্ধি প্রয়োজন।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গত শতকে মানুষ চাঁদে পৌঁছেছে, এই শতকে মঙ্গলগ্রহে পৌঁছানোর চেষ্টায় রত। এই পৃথিবীতে ক্ষুধা-দারিদ্র্য থাকার কথা নয়। কিন্তু এখনো বিশ্বে প্রতি ১০ জনে পাঁচজন খাবার নষ্ট করে, আর চারজন ভরপেট খাবার পায় না। এ অশান্তি দূর করতে লেখক দিবসের স্লোগান ‘শান্তির পৃথিবী চাই’ অত্যন্ত সময়োপযোগী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই ক্ষুধাকে জয় করেছি, দারিদ্র্যকেও পেছনে ফেলে এগিয়ে চলছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কবি কাজী রোজী, স ম শামসুল আলম, ঝর্ণা রহমান, নাহিদা আশরাফী, রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ দুলাল, সোহাগ সিদ্দিকী, রিশাদ হুদা, জাহাঙ্গীর ফিরোজ, নাহার ফরিদ খান, নাসিমা রহমান শিউলি, নূরিতা নূসরাত, নাসরিন ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি