শান্তির প্রত্যাশায় বৈশাখ উদ্যাপন

মাথার ওপর তপ্ত সূর্য। চারপাশ কানে তালা লাগানো পোঁ পোঁ আওয়াজ। তারই মধ্য দিয়ে কেবল হেঁটে চলা। রবীন্দ্রনাথের গানটি একটু বদলে নিয়ে বলা যেতেই পারে গত মঙ্গলবার পয়লা বৈশাখে ‘এই পথ চলাতেই আনন্দ’ ছিল সবার মনে। শান্তি আর সাম্প্রদায়িকতার অন্ধকার ঘোচানো আলোর প্রত্যাশা নিয়ে নগরবাসী উদ্যাপন করেছেন বর্ষবরণের উৎসব।
সকাল থেকেই পথে নেমেছিল উৎসব মুখর মানুষের ঢল। উত্তরে বাংলামোটর, দক্ষিণে গুলিস্তান মোড়ে প্রতিবন্ধক তৈরি করে মোটরযান প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে শাহবাগ থেকে গুলিস্তান, রমনা, পুরানা পল্টন, সেগুনবাগিচা আর ঢাকা বিশ্ববিদ্যায়ের বিশাল এলাকার পথগুলো ছিল শুধুই পথিকের। বাঁশিতে ফুঁ দিয়ে, ঢোল বাজিয়ে, পাখা হাতে উৎসব অন্তঃপ্রাণ অগণিত শিশু-নর-নারী পথ আর ফুটপাত একাকার করে শুধু হেঁটেছেন আর হেঁটেছেন। ঢাকার মতো সারা দেশেও নতুন বছরকে বরণ করে নিতে ছিল বর্ণিল সব আয়োজন।

বরাবরের মতোই রমনায় বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সূচিত হয়েছিল বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এবার ছায়ানটের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘শান্তি, মানবতা ও মানুষের অধিকার’। গান ও আবৃত্তির মাঝে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘ধর্ম আমাদের ধারণ করে রাখে, এ কথা আমার আপনার সবারই জানা আছে। ধর্ম আবার মানুষের স্ব-ভাব বটে। এই স্বভাবধর্মের নীতিবোধ আমাদের শান্তির পথে আহ্বান করে। নীতিবিহীন আচরণ, ভাই-বন্ধু-সমাজ-দেশ আর বিশ্বের শান্তি-প্রতিবন্ধক। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। চাই মানুষ হিসেবে আমাদের সকল অধিকারের সুরক্ষা। সুখে শান্তিতে বাঁচবার মানবিক অধিকার। মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রাবিরুদ্ধ যা-কিছু তা বস্তুত আবর্জনা।’ এরপর গীত হয় কবিগুরুর অমর গান—‘এসো হে বৈশাখ...এসো এসো।’
কত্থনের দ্বিতীয় পর্বে সন্জীদা খাতুন বলেন, ‘আমরা চাই নববর্ষের প্রভাতে সকল আবর্জনা দূর হয়ে যাক। সামনের দিনগুলো স্বাধিকারসমৃদ্ধ প্রশান্ত জীবনের প্রতিশ্রুতি নিয়ে আসুক। মনে রাখতে হবে, সেই পরিবেশ সৃষ্টির দায়ও আমাদের সকলের। পরবর্তী প্রজন্মকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবার দায়িত্ব আপনাদের, আমাদের।’ তিনি সবাইকে আলোর পথে চলার জন্য শপথ নেওয়ার আহ্বান জানান।
গানের অনুষ্ঠান থেকে মানুষ ছড়িয়ে পড়েছিল সারা শহরে। মেয়েদের পড়নে তাঁতের শাড়ি। প্রাধান্য লাল-সাদা রঙের। খোঁপায় গোঁজা ফুল। পুরুষের পরনে পাঞ্জাবি, ফতুয়া। তরুণদের অনেকের মাথায় জড়ানো ছিল গামছা। শিশুদের মাথায় লাল-সবুজ পতাকার ছাপ দেওয়া রাবার ব্যান্ড। এর পাশেই গোঁজা ছোট্ট পতাকা। পথে পথে আঁকিয়ের দল প্রস্তুত ছিলেন রং-তুলি নিয়ে। তাঁরা আগ্রহীদের বাহুতে চিবুকে এঁকে দিয়েছেন নকশা, লিখে দিয়েছেন ১৪২২ নববর্ষের শুভেচ্ছা।
ওদিকে বাংলা একাডেমির মাঠে বিসিকের নকশা কেন্দ্র ও একাডেমির আয়োজনে ১০ দিনের বৈশাখী মেলাও শুরু হয়েছিল সকাল থেকেই। নজরুল মঞ্চে ছিল বৈশাখী অনুষ্ঠান। তাতে ছিল আলোচনা, সংগীত, স্বরচিত কবিতা পাঠ। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টানা অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালায়। এখানে ছিল বাউলগান, রায়বেঁশে নৃত্য, সংযাত্রা, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন নাটকের বিশেষ অংশ ও গান নিয়ে একটি ব্যতিক্রমী পরিবেশনা। ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে গানের অনুষ্ঠান ছিল শিশু একাডেমির সামনের নারিকেলবীথি চত্বরে। সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে ছিল শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় হাজার কণ্ঠে বর্ষবরণের গানের অনুষ্ঠান।

এর মধ্যেই বেলা ১০টা নাগাদ পথে নামে রাজধানীর বর্ষবরণ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণীয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারের মঙ্গল শোভাযাত্রার মূল ভাবনা ছিল ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে এই শোভাযাত্রা অনুষদের সামনে থেকে রূপসী বাংলা হোটেল হয়ে আবার যাত্রা শুরুর স্থলে এসে শেষ হয়। শোভাযাত্রার প্রতীকগুলো রাখা হয় অনুষদের সামনের সড়ক ও ভেতরের চত্বরে। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান সকাল থেকে সন্ধ্যার পরেও ছিল জনাকীর্ণ। রমনায় ছিল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় দেশ টিভির ‘বৈশাখী আনন্দ তুফান’ নামের অনুষ্ঠান। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিও সকালে আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলাবাগান মাঠে শুরু হয় চার দিনের বৈশাখী মেলাও অনুষ্ঠান। এখানেও ছিল ব্যান্ডের গান। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও ২৭ নম্বর সড়কসংলগ্ন মাঠে সকাল থেকে শুরু হয় বৈশাখী মেলা।
রমনা-শাহবাগের বাইরে ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকাতেও দিনভর বর্ষবরণের অনুষ্ঠান হয়। লেকের দুই পাড়ে ছিল উৎসবে মুখর মানুষের ভিড়। রবীন্দ্র সরোবরে ‘আলোকিত বৈশাখ’ নামের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় ভোর থেকে। এতে ছিল বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত, নৃত্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা। বিকেল থেকে এখানে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত লোকসংগীতানুষ্ঠান।
এ ছাড়া সকালে বাসাবো বালুর মাঠে অনুষ্ঠান করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর অনুষ্ঠান করেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শিশু একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সংগঠনও বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করেছে। আর বিভিন্ন সংগঠনের আয়োজনে। ট্রাকে মঞ্চ করে ভ্রাম্যমাণ অনুষ্ঠান তো ছিলই।
উৎসবে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির উপাদান, উপকরণগুলো উঠে এসেছিল রাজধানীর নাগরিক জীবনে। দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত সড়কজুড়ে ছিল হরেক রকমের কারুপণ্যের পসরা। ঢোল, ডুগডুগি, একতারা, সোলা ও কাগজের পাখি, তালপাতার পাখার সঙ্গে খাজা, গজা, বাতাসা, খই, মোয়ার মতো ঐতিহ্যবাহী খাবারও ছিল সঙ্গে। বিচ্ছিন্নভাবে এসব পণ্যের পসরা ছড়িয়ে পড়েছিল শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে তোপখানা রোড, শিশু একাডেমী, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতেও। মানুষ পোশাক-আশাক, খানাপিনা, আচার আচরণে আপন সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারকে গৌরবের সঙ্গে বুকে ধারণ করে মনেপ্রাণে বাঙালি হয়ে ওঠার প্রেরণা নিয়ে উদ্যাপন করছেন বর্ষবরণের উৎসব।