শান্তির বীজ বোনার উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস l সৌজন্যে: লা’অচ্ছেরভাতোরে
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস l সৌজন্যে: লা’অচ্ছেরভাতোরে

রোমানো ভ্যাটিকান সিটির একটি দৈনিক পত্রিকার নাম লা’অচ্ছেরভাতোরে। ইতালি ভাষায় ছাপা হয়। ভ্যাটিকানে এই পত্রিকা দপ্তরে যখন পৌছাই, তখনও জানতাম না হোলি আর্টিজানে হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে পোপ ফ্রান্সিসের তোলা তিনশর বেশি আলোকচিত্রর খোঁজ পাব এখানে।

নিহত নয় জনের মধ্যে ছয়টি পরিবারের ৩৫ জন সদস্য গত ২২ ফেব্রুয়ারি পোপের সঙ্গে ভ্যাটিকানে সাক্ষাৎ করেন। 

এই সাক্ষাৎকারের সময় শিশুরা পোপের হাতে নিজেদের আঁকা ছবি ও জলপাই গাছের চারা তুলে দেয়।  ধারণা করি চারাগুলো ভ্যাটিকানের বাগানে লাগানো হয়েছে। এই শিশুদের একজনের বাবা হলেন সিমোনে কোদারা। কোদারা ১ জুলাইয়ে হোলি আর্টিজানে গিয়ে তার প্রয়াত স্ত্রী মারিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে  ঢাকা গেছেন।

৩৪ বছর বয়সী পোশাক ব্যবসায়ী মারিয়া ৩ বছরের একটি কন্যা রেখে গেছেন। ওইদিন পোপের সঙ্গে মারকো তোনদাত, ক্রিসতিনা রোচ্ছি, ভিনচে জো আলে­সতোরো, ক্লাউদিও কাপ্পেলি এবং সিমোনা মনতির পরিবারের সদস্যরা দেখা করেন।  তাদের এই সাক্ষাৎতকার নিয়ে ওই পত্রিকাটি যে  খবরটি প্রকাশ করেছিল, সেটি দ্রুত উদ্ধারে আমাকে সহায়তা করেন পত্রিকাটির উপ পরিচালক গিসোপ্পে ফিওরিনতেনো। এর শিরোনামটিই আমি এ লেখার শিরোনাম করেছি। প্রতিবেদনে পোপের একটি উক্তি জেনে  প্রীত ও আশ্বন্ত হলাম। পোপ সরাসরি বাংলাদেশের জনগণকে সাহায্য করতে বলেছেন।

‘ভালোবাসা পরিহার করে ঘৃণার পথে যাওয়া সহজ, কিন্তু এর বিপরীতে তিক্ততা ও ঘৃণা থেকে ভালোবাসায় উত্তরণ ঘটানো কঠিন। অথচ আপনারা বেদনা ভেতরে পুষে রেখে ভালোবাসায় অবগাহন করেছেন। বাংলাদেশ বিনির্মাণ ও তার জনগণকে সাহায্য করতে ব্রতী হয়েছেন। বিশেষ করে তরুণদের শিক্ষায় সহায়তা দিতে হবে। কারণ তারা শান্তির বীজ বপনে ভুমিকা রাখতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। এটি একটি উদাহরণ।’

পোপ ফ্রানসিসকো এই কথাগুলো বলেন ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তির পথে থাকা সহজ এবং এর বিপরীত চলাই বরং কঠিন। এ সময় নেপলেস প্রদেশের প্রধান যাজক ভালেনতিনা দি  চেরভো ৬ শিশুর একটি দল নিয়ে পোপের কাছে যান এবং ওই হামলায় নিহতদের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়, নিহতরা বাংলাদেশে কাজ করতে গিয়েছিলেন। তারা দরিদ্র ক্যাথলিকদের সাহায্য করেছেন।

এটা লক্ষণীয় যে, পত্রিকাটির প্রতিবেদনেও বাংলাদেশের প্রতি মমতার বহিপ্রকাশ ঘটেছে। ওই প্রধান পুরোহিত পোপকে জানান, ‘এই বিয়োগাত্মক অধ্যায়ের পর বাংলাদেশিরা এই ঘটনার প্রতিবাদ করেন এবং তারা সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ভাবে রুখে দাড়ান। বাংলাদেশের মানুষ শান্তির পক্ষে তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছে।’ ওই হামলায় নিহতদের একজন সিমোনার ভাই লুকা মনতি পোপকে জানান তার বোন সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় ছিলেন। তিনি খুলনার বিশপের এলাকা হরিণটানায় একটি ক্যাথলিক গীর্জা নির্মাণ করেছেন। পোপের কাছে ক্যাথলিক গীর্জার গোড়ার ইতিহাস উল্লেখ করে নিহতদের স্বজনরা সংকল্প করেন, ‘আমরা বাংলাদেশের দরিদ্র শিশুদের শিক্ষা সাহায্য দিতে চাই। যারা বাংলাদেশে গরিবদের সাহায্য করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের কথা স্মরণ করার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়।’ 

  পোপ নিহতদের পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন, চুমু খান, সেলফিও তোলেন। তিনি তাদের কোনো কষ্টের স্মৃতি শুনতে রাজি হননি।

১৯৮৬ সালে পোপ জন পোল দক্ষিণ এশিয়া সফর করেন। এরপর কোনো পোপ বাংলাদেশে যাননি। পোপ ফ্রান্সিস দক্ষিণ এশিয়ায় এলে তিনি ঢাকা সফর করতে পারেন, এমন একটা আলোচনা আছে। বাংলাদেশ সম্প্রতি তার ইতিহাসে প্রথমবারের মতো গৌরবজনক লাল টুপিওয়ালা একজন কার্ডিনাল পেয়েছে। পরবর্তী পোপ নির্বাচনের ভোটে তিনি অংশ নেবেন। ঢাকার আর্চবিশপ ও কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও এর আগে পোপের সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।  বলেছিলেন, পোপ ঢাকায় এলে তা আন্তধর্মীয় সম্প্রীতি, শ্রমিকদের অধিকার ও জলবায়ু পরিবর্তনের দিক থেকে তাৎপর্যপূর্ণ হবে।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান সম্প্রতি ভ্যাটিকান সিটিতে এসে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরের আমন্ত্রণে তাঁর নীতিগত সম্মতি জ্ঞাপন করেন।