‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জ্বালাওপোড়াও নীতি এবং সন্ত্রাসে বিশ্বাস করে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ইসলামে নেই। শান্তির মাধ্যমে গোটা পৃথিবী জয় করাই হলো ইসলামের প্রকৃত আদর্শ।’গতকাল শুক্রবার জুমার নামাজের পরে চট্টগ্রাম নগরের দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে অনুষ্ঠিত ইসলামিক ফ্রন্টের নেতারা এ কথা বলেন। মসজিদ-মন্দিরে হামলা ও আলেম হত্যার পরিকল্পনাকারী জামায়াত-শিবিরকে সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এম আবু নাছের তালুকদার। বিশেষ বক্তা ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ এবং প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব আনোয়ারুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মদ রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা স ম হামেদ হোসেন, এম এ সবুর, কাজী জসিম উদ্দিন, এইচ এম মজিবুল হক শুক্কুর, স ম শহীদুল হক ফারুকী, এস এম আবদুল করিম প্রমুখ। বক্তারা দেশের শীর্ষ ১০ আলেমকে হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারা দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি জমিয়াতুল ফালাহ জাতীয় সমজিদের চত্বর থেকে শুরু হয়ে নগরের জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।