শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে ঢাকার অনুরোধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা।
গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘের সফররত আন্ডার সেক্রেটারি জেনারেল (শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের প্রধান) হার্ভে লেদসাউয়ের কাছে এই অনুরোধ জানান। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফরাসিসহ অন্যান্য ভাষা শেখা, গন্তব্যের দেশটি সম্পর্কে সম্যক ধারণা এবং জাতিসংঘের আহ্বানে দ্রুত সাড়া দিতে সক্ষমতার ওপর জোর দেন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে হার্ভে লেদসাউ গতকাল সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। তিন দিনের সফরে গত মঙ্গলবার রাতে তিনি ঢাকায় আসেন।
বিকেলে রাজধানীতে এক বক্তৃতা অনুষ্ঠানে হার্ভে লেদসাউ বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি হোটেলে ‘ট্রেন্ড অ্যান্ড চ্যালেঞ্জেস ইন পিস কিপিং’ শীর্ষক এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শুভেচ্ছা বক্তৃতা দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মুস্তাফা কামাল।
হার্ভে লেদসাউ বলেন, জাতিসংঘ যখন অভিন্ন সুরে কথা বলে, তখন বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে তা ইতিবাচক ফল বয়ে আনে।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষা কার্যক্রমে ছয়টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন। সেগুলো হলো: সদস্যদেশগুলোর অংশগ্রহণ বাড়ানো, আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় ভূমিকা, দ্রুত শান্তিরক্ষীদের মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রমের মূল্যায়ন।
হার্ভে লেদসাউ মনে করেন, বিদ্যমান শান্তিরক্ষা কার্যক্রমে নতুন শক্তিগুলোকে যুক্ত করা উচিত। আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোসহ অন্যান্য জোট আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখায় তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি আরও বলেন, জাতি পুনর্গঠন কাজের পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে একটি দেশকে উন্নয়ন অংশীদারদের সামাজিক ও অর্থনৈতিক সমর্থন দেওয়া উচিত।
হার্ভে লেদসাউ বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে এ মুহূর্তে বড় যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো রাজনৈতিক।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল গতকাল সকালে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। এ সময় হার্ভে লেদসাউ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রশংসা করেন।
বর্তমানে নয়টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আট হাজার ৮৪৬ জন সদস্য কর্মরত রয়েছেন।