শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তিরক্ষা প্রশিক্ষণকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন। গতকাল বুধবার পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে তিনি সেখানে যান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, বার্নিকাটের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিপসটে পৌঁছালে এর কমান্ড্যান্ট জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান তাঁদের স্বাগত জানান। প্রতিনিধিদলটি বিপসট কমান্ড্যান্টের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ওপর মতবিনিময় করে। পরে প্রতিনিধিদল বিপসটের বিভিন্ন অভ্যন্তরীণ ও মাঠপর্যায়ের প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করে।
বিপসট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি শান্তিরক্ষা প্রশিক্ষণ প্রদানকারী আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এখানে দেশি ও বিদেশি শান্তিরক্ষীরা প্রশিক্ষণ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত বার্নিকাট বিপসটের প্রশিক্ষণের মান ও প্রশিক্ষণ সুবিধার ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। প্রায় তিন দশক ধরে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। বিজ্ঞপ্তি।