শান্তিরক্ষা মিশন থেকে পুলিশের আয় বছরে ২৩০ কোটি টাকা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে গত পাঁচ বছরে পুলিশ বাহিনী ৬৩০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে গত বছরই আয় হয়েছে ২৩০ কোটি টাকা। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে কর্মকর্তারা এ তথ্য জানান। শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর নীতি-প্রথা ও বিধি তৈরি করে এমন ডকট্রিন ডেভেলপমেন্ট গ্রুপের (ডিডিজি) আন্তর্জাতিক বৈঠক উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পাঁচ দিনের এ বৈঠক আজ সোমবার সকালে ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে।ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, এবারের বৈঠকে শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া ৩৫টি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থার ৫২ জন সদস্য অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের তিন সদস্য আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন আজ সকালে বৈঠকের উদ্বোধন করবেন।তাঁরা জানান, শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলো একেক ধরনের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে। তাঁদের প্রশিক্ষণের নীতি ও পদ্ধতিও ভিন্ন। এতে নানা ধরনের সমস্যা তৈরি হয়। এ কারণে ডিডিজি গ্রুপ গঠন করে মিশনে অংশ নেওয়া সরঞ্জাম সজ্জিত (এফপিইউ) দলগুলোর জন্য প্রশিক্ষণ পাঠ্যসূচি, মানসম্মত সরঞ্জাম ও দক্ষ পুলিশ তৈরির নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে ডিডিজির ইতালি ও যুক্তরাজ্যের বৈঠকে এসব নীতিমালার খসড়া তৈরি করা হয়। এবারের বৈঠকে সেই নীতিমালা চূড়ান্ত রূপ পাবে বলে কর্মকর্তারা জানান।ব্রিফিংয়ে সদর দপ্তরের উপমহাপরিদর্শক বেনজির আহমেদ, এআইজি হাসিব আজিজসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রতিনিধি এন্ড্রু কার্পেন্টার।ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে এক হাজার ৬০৪ জন পুলিশ সদস্য কাজ করছেন। গত তিন বছর ধরে শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশি পুলিশ পাঠানোর তালিকায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ পুলিশের ১০টি সুসজ্জিত দল আইভরি কোস্ট, পূর্বতিমুর, কঙ্গো ও দারফুর শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছে।