শান্তিরক্ষা মিশন সজ্জিত ইউনিটের অভিন্ন প্রশিক্ষণ নীতিমালা চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত সুসজ্জিত পুলিশ ইউনিটের (এফপিইউ) জন্য একটি অভিন্ন প্রশিক্ষণ নীতিমালা চূড়ান্ত হয়েছে। এখন থেকে এ নীতিমালার আলোকেই বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের সদস্যরা মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর নীতি-প্রথা ও বিধি তৈরি করে এমন ডকট্রিন ডেভেলপমেন্ট গ্রুপের (ডিডিজি) আন্তর্জাতিক বৈঠকে অভিন্ন এই নীতিমালা চূড়ান্ত হয়। পাঁচ দিনের এ বৈঠক গতকাল শুক্রবার রাজধানী ঢাকায় শেষ হয়েছে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত ডিডিজি বৈঠকের সমাপনী দিনে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। প্রশিক্ষণ নীতিমালা নিয়ে এর আগে ২০০৮ সালে ইতালিতে এবং গত বছর নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগের দুটি বৈঠকে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছিল। গতকালের বৈঠকে সেটিই চূড়ান্ত হলো।বৈঠকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, খুব শিগরির জাতিসংঘ মিশনের জন্য আলাদা নারী পুলিশ ইউনিট গঠন করা হবে। পুলিশের সদস্যরা জনগণের মৌলিক মানবাধিকার বিষয়ে কাজ করবেন। ডিডিজি সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য একটি অভিন্ন পাঠ্যসূচি চূড়ান্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।বৈঠকের সাফল্য কামনা করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিডিজি ও শান্তিবাহিনীর প্রশিক্ষণে অভিন্ন এই পাঠ্যসূচি বিভিন্ন দেশের পুলিশকে এক কাতারে দাঁড় করিয়ে দেবে। তাঁরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় ১০টি সুসজ্জিত পুলিশ ইউনিট বিভিন্ন ইউএন মিশনে কাজ করছে।এবারের বৈঠকে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া ৩৫টি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থার ৫২ জন সদস্য অংশ নেন। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের তিনজন প্রতিনিধি অংশ নিয়েছেন। এতে আরও বক্তব্য দেন জাতিসংঘের পুলিশ বিভাগের সক্ষমতা (স্ট্যান্ডিং ক্যাপাসিটি) বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াল্টার উলফ, নীতিগত পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান অ্যান্ড্রু কার্পেন্টার এবং কমোরস পিআরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ তৌহিরি।