শান্তিরক্ষা মিশনে আনসার সদস্য পাঠানোর দাবি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আনসার বাহিনীর কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার পাঠানোর দাবি জানিয়েছে বিসিএস আনসার অ্যাসোসিয়েশন। গত মঙ্গলবার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় বলা হয়, পুলিশ সদর দপ্তরে ২০০৪ সালের ৫ জুন পুলিশ, বিডিআর ও আনসারের প্রধানদের সঙ্গে বৈঠকে এই তিন বাহিনীর সমন্বয়ে শান্তিরক্ষা মিশনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ অনুযায়ী প্রথমবারের তিন বাহিনী থেকে ২০ জন সদস্য আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে আর আনসার বাহিনীকে মিশনে পাঠানো হচ্ছে না। বর্তমানে আনসার বাহিনীর অস্ত্র ও সরঞ্জাম মিশনে সংরক্ষিত রয়েছে।সভায় জানানো হয়, সম্প্রতি আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাসোসিয়েশনের সভায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।পরিষদের পক্ষ থেকে আনসার ও ব্যাটালিয়ন আনসারকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর বিষয়ে উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি এতে সমগ্র আনসার বাহিনীর মধ্যে হতাশা বিরাজ করছে বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।