শান্তিরক্ষা মিশনে আরও বেশি সেনা পাঠাতে পদক্ষেপ নেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি সেনা পাঠাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘জীবন বাজি রেখে দায়িত্ব পালনকালে পিজিআর সদস্যদের নিষ্ঠা, একাগ্রতা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতা দেখে আমি মুগ্ধ।’এই রেজিমেন্টের দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের কাজের পরিধি ও চাপ আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। কাজের চাপ লাঘবে ইতিমধ্যে রেজিমেন্টের জনবল বৃদ্ধি করা হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও চৌকস কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে ১৯৭৫ সালে পিজিআর প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রপতির দরবার শেষে রেজিমেন্ট পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে পিজিআর সদস্যদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও একাগ্রতা প্রমাণ করে আপনারা সবাই বিশেষভাবে নির্বাচিত ও আস্থাভাজন সৈনিক।’প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে তাঁর সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আমরা সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলাম। তিনি বলেন, ‘সেনাসদস্যদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যার একটি হাসপাতাল তৈরির কাজ আমরা হাতে নিয়েছিলাম। কিন্তু পরবর্তী সরকারের সময় এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। শিগগির ওই হাসপাতালের নির্মাণকাজ শেষ হবে।’বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিমান ও নৌবাহিনীর সদস্যদের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাসদস্যদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে।’সেনাসদস্যদের বাড়িঘর মেরামতের জন্য ট্রাস্ট ব্যাংক থেকে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সেনাসদস্যদের আবাসনসংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সেনানিবাসের মধ্যে আবাসনসুবিধা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।’জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাসদস্যরা যাতে তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সে জন্য অল্প পয়সায় ও বিনা মূল্যে টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শেখ হাসিনা। শান্তিরক্ষা মিশনে আরও বেশি সেনা পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।এর আগে প্রধানমন্ত্রী কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং একদল চৌকস গার্ডের সালাম গ্রহণ করেন। এ ছাড়া রেজিমেন্টে দায়িত্ব পালনকালে নিহত সদস্যদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।