শান্তিরক্ষা মিশনে এবার যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর প্রায় ৩০০ সদস্যসহ দুটি যুদ্ধজাহাজ চলতি মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ মিশনে যাচ্ছে। জাহাজ দুটি হচ্ছে ফ্রিগেট ‘বিএনএস ওসমান’ এবং বৃহদাকৃতির টহল জাহাজ বা এলপিসি ‘বিএনএস মধুমতী’। এ দুই জাহাজ থেকে সরকারের প্রায় ৯০ কোটি টাকা বার্ষিক আয় হবে। এর বাইরে নৌসেনাদের বেতন-ভাতা খাতে আয় হবে আরও প্রায় ২৫ কোটি টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনে অংশ নিচ্ছেন। ধীরে ধীরে কিছু যুদ্ধযানও মিশনে ব্যবহার শুরু হয়। কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ এ-ই প্রথম জাতিসংঘ মিশনে অংশ নিতে যাচ্ছে। দায়িত্বশীল একজন নৌ-কর্মকর্তা বলেন, এ ধরনের দুটি জাহাজ পরপর দুই বছর মিশনে অংশ নিলে বাংলাদেশ একটি নতুন যুদ্ধজাহাজ কেনার মতো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। জানা গেছে, জাতিসংঘ সদর দপ্তরের চার সদস্যের একটি দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা মিশনের জন্য নির্বাচিত জাহাজ দুটির খুঁটিনাটি পরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। গত সোমবার তারা বাংলাদেশে আসে। কাল শুক্রবার তাদের নিউইয়র্ক ফিরে যাওয়ার কথা। এর আগে আজ বৃহস্পতিবার তারা ঢাকার নৌ সদর দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। জানা যায়, গত মঙ্গল ও বুধবার এই চার কর্মকর্তা চট্টগ্রামের নৌঘাঁটিতে জাহাজ দুটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁরা জাহাজ দুটির মিশনে অংশ নেওয়াসংক্রান্ত কিছু দাপ্তরিক কাজ করেন। তাঁরা ফিরে গিয়ে বাংলাদেশি যুদ্ধজাহাজ দুটির যাত্রার দিনক্ষণ ঠিক করবেন। তবে বাংলাদেশ নৌবাহিনী এ মাসের শেষ সপ্তাহে মিশনে যাত্রার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। নৌবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জাতিসংঘ মিশনে অংশ নিতে নির্বাচিত হওয়ায় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন বলে স্বীকৃতি পেল। এই স্বীকৃতির সুবাদে বাংলাদেশি যুদ্ধজাহাজ ভবিষ্যতে আরও বেশি করে মিশনে অংশ নেওয়ার সুযোগ উন্মুক্ত হলো।জানা গেছে, জাহাজ দুটি ব্যবহারের জন্য জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশ সরকারকে দিনে ৩৫ হাজার মার্কিন ডলার (সাড়ে ২৪ লাখ টাকা) হারে ভাতা দেওয়া হবে। এর মধ্যে বিএনএস ওসমান ২৩ হাজার মার্কিন ডলার এবং বিএনএস মধুমতী ১১ হাজার মার্কিন ডলার হারে ভাতা পাবে। জাহাজ দুটির জ্বালানি ও প্রয়োজনীয় রক্ষণারেক্ষণ ব্যয় জাতিসংঘই বহন করবে। নৌবাহিনী সূত্র জানায়, এ দুই জাহাজ লেবাননের কাছে সাগরে অবস্থান করে জাতিসংঘের শান্তি মিশনের কার্যক্রম পরিচালনা করবে।