জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘ শান্তি মিশনে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা, বিশেষ করে নারী সদস্যরা অন্য দেশের সদস্যদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা নিষ্ঠার সঙ্গে অনেক চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষী ইউনিটের সদস্যদের সাহস ও সংগ্রাম নিয়ে নির্মিত সহস্র মাইলের একটি যাত্রা: শান্তিরক্ষী নামে চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে গত বুধবার জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেন। এই চলচ্চিত্রে হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে নারীদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ মোকাবিলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এর পরিচালক ফিল্ম একাডেমি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গীতা গাম্বীর ও শারমিন ওবায়েদ-চিনয়।
প্রায় দেড় ঘণ্টার এই চলচ্চিত্রটিতে বাংলাদেশের ১৬০ জন নারী পুলিশের পারিবারিক ও পারিপার্শ্বিক চ্যালেঞ্জের পাশাপাশি শান্তি মিশনে উদ্ভূত সমস্যাগুলো সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন বয়সের নারীদের নিয়ে গঠিত এই শান্তিরক্ষী ইউনিট বিশ্বের প্রথম পূর্ণ নারী শান্তিরক্ষী ইউনিটের একটি।
জাতিসংঘের মহাসচিব বলেন, এই নারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। এর মধ্য দিয়ে শান্তিরক্ষায় লিঙ্গসমতা আনার ক্ষেত্রে বাংলাদেশ পথপ্রদর্শক।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, জাতিসংঘের বিভিন্ন সদস্যরাষ্ট্রের প্রতিনিধি, কর্মকর্তা ও চার শতাধিক দর্শকের উপস্থিতিতে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এ সময় দর্শকেরা বাংলাদেশের নারীদের সাহসিকতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ৮৬২ জন নারী পুলিশ সদস্য হাইতি ও কঙ্গো মিশনে দায়িত্ব পালন করেছেন।