শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বের সর্বত্র সর্বাধিক শান্তিরক্ষী পাঠিয়ে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। জাতিসংঘের ‘র্যাং কিং অব মিলিটারি অ্যান্ড পুলিশ কন্ট্রিবিউশন টু ইউএন অপারেশন্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতি মাসে জাতিসংঘ বিশ্বের সব শান্তিরক্ষী প্রেরণকারী দেশের অবস্থান নির্ণয়ে এ প্রতিবেদন প্রকাশ করে।গতকাল সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো শান্তিরক্ষীদের মধ্যে ১০ হাজার ৫৮১ জন পুরুষ ও ১৬৭ জন নারী। শান্তিরক্ষী পাঠিয়ে বাংলাদেশের পরের অবস্থানে আছে পাকিস্তান। এ ছাড়া ভারত তৃতীয়, নাইজেরিয়া চতুর্থ, মিসর পঞ্চম ও নেপাল ষষ্ঠ স্থান অধিকার করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এরপর পশ্চিম সাহারা ও দারফুরে আরও সেনা পাঠাবে।আইএসপিআর আরও জানিয়েছে, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার জন্য সেনাবাহিনীর কর্নেল সুমন বড়ুয়ার নেতৃত্বে ৮০ জন সেনাসদস্য ও নৌবাহিনীর ক্যাপ্টেন এম বশির উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪৭ জন নৌসদস্য গত রোববার রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন।