শান্তিরক্ষা মিশনে ১৪০ নৌসদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ১৪০ জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছে। গতকাল রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে নৌসদস্যরা লেবাননের উদ্দেশে রওনা হন। লেবাননে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মূলে যোগদান করবেন তাঁরা।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুন দ্বিতীয় দফায় আরও ১৪০ জন নৌসদস্য লেবাননে যাবেন।
গতকাল সকালে বিমানবন্দরে নৌসদস্যদের বিদায় জানান চট্টগ্রাম নৌ-অঞ্চলের প্রধান স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম সিরাফুল্লাহ। তিনি সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌসদস্যদের প্রতি আহ্বান জানান।
২০১০ সালে প্রথমবারের মতো নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতী ভূমধ্যসাগরে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের’ আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। গত বছর বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়। নৌবাহিনীর এই জাহাজ দুটি লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ রোধ করতে কাজ করে চলেছে। পাশাপাশি লেবাননের জলসীমায় জাহাজ দুটি সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনায় পতিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করছে বলে নৌবাহিনী জানায়।