শান্তিরক্ষা মিশনের পরিকল্পনায় ভূমিকা বাড়ানোর চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিকল্পনা ও কৌশল প্রণয়নে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে সরকার। এর পাশাপাশি আইভরি কোস্টে একটি নতুন সিগন্যাল প্লাটুন মোতায়েনের প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী এবং পুলিশের আধুনিকায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে শান্তিরক্ষা মিশনে কাজ করতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পেশাদারি, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে এবং বাঙালি শান্তিপ্রিয় জাতি। আমরা বিশ্বাস করি, শান্তি ছাড়া কোনো পথ নেই। আমরা বিভিন্ন সম্প্রদায়, বর্ণ ও গোত্রের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের এই শান্তির বার্তা বিভিন্ন দেশে বিবদমান জাতি-গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হয় বাংলাদেশর স্বাধীনতা লাভের পরপরই। ১৯৮৮ সালে সশস্ত্র বাহিনীর ১৫ সদস্য ইরাক-ইরানে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেছে। আজ বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের আমলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের শ্রেষ্ঠ ও বৃহত্তম শান্তিরক্ষী দেশের আসনে অধিষ্ঠিত হয়েছে। এটা আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের কৃতিত্ব।’শেখ হাসিনা বলেন, ‘এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে আমাদের ১৩০ জন সদস্য শহীদ হয়েছেন। আমি এ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার অনুষ্ঠানে বক্তৃতা করেন। খবর বাসস, ইউএনবি, আইএসপিআর।