শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিলু্লর রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী ও পুলিশ যাতে আরও দক্ষতার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে এ দুই বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০১২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা সব সময় আন্তর্জাতিক মানের পেশাদারি এবং আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল এম আবদুল মুবীন এবং জাতিসংঘ সমন্বয়ক নিয়েল ওয়াকার বক্তৃতা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এম আনিসুজ্জামান ভূঁইয়া এবং পররষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের মহাপরিচালক সাদিয়া মুনা তাসনীম যৌথভাবে বাংলাদেশ শান্তিরক্ষীদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীদের কর্মকাণ্ড শুরু হয়েছিল। এ সংখ্যা এখন সর্বোচ্চ।শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থানের সাম্প্রতিক অগ্রগতির বর্ণনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, ২০১০ সালে যুদ্ধরত কঙ্গোতে ৮৫০ সদস্যের একটি অতিরিক্ত ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এবং ১৮০ সদস্যের একটি ইঞ্জিনিয়ার কোম্পানি মোতায়েন করা হয়েছে। শাদে তিনটি বেল-২১২ হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিশ্বশান্তি রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকা উড্ডীন রাখার জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, রাষ্ট্রপতি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি পাঁচজন শহীদ শান্তিরক্ষীর পরিবার এবং বিদেশে শান্তিরক্ষার সময় আহত ১৫ জন শান্তিরক্ষীর হাতে পুরস্কার তুলে দেন।এ সময় মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধানেরা, পুলিশের মহাপরিদর্শক, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।