শান্তিরক্ষী দুই পুলিশ সদস্য পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ তার শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক দিয়েছে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ গতকাল রোববার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের পরিবারের হাতে এ পদক তুলে দেন। বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের নাম অনুসারে শান্তিরক্ষীদের মরণোত্তর সম্মাননা হিসেবে এ পদক দেওয়া হয়। পদক পাওয়া দুই কর্মকর্তার মধ্যে এএসআই রফিকুল ইসলাম গত বছরের নভেম্বর মাসে দারফুরে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে। অপরজন হেড কনস্টেবল শওকত আলী আইভরিকোস্টে দায়িত্বরত অবস্থায় মারা যান। তাঁর বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানায়।