রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সারা পৃথিবীর মধ্যে সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। এটা দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরও অধিকসংখ্যক সদস্য প্রেরণের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতির সঙ্গে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর চলমান কার্যক্রম, বিশেষ করে ছয় সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় শীতকালীন অনুশীলন সম্পর্কে অবহিত করেন। সেনাপ্রধান বলেন, এই অনুশীলনের জন্য সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। সেখানে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতালগুলোতে সর্বস্তরের জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রাষ্ট্রপতি এই কার্যক্রমের প্রশংসা করেন এবং এর পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সদস্যদের প্রশংসনীয় ভূমিকা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি সেনাপ্রধানের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।