শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে কোথাও শান্তি আসেনি: ইদ্রিস
প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী বলেছেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে কোথাও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এমনটি আজও দেখিনি। ওই বাহিনী আধিপত্যবাদীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে।’ আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোয়ালিশন অব লোকাল এনজিওস বাংলাদেশ (সিএলএনবি) আয়োজিত ‘বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ইদ্রিস আলী এ কথা বলেন। ইদ্রিস আলী বলেন, আক্ষরিক অর্থে শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক চর্চা। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাষ্ট্র ও ব্যক্তির সম্পত্তিতে অগ্নিসংযোগ করার অধিকার বিশ্বের কোনো আইনে নেই। কেউ যদি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেন, ধরে নিতে হবে তিনি জনগণের সম্পদ নষ্ট করছেন। সিএলএনবির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক সাংসদ হুমায়ুন কবির, সিএলএনবির সাধারণ সম্পাদক সেলিনা রশিদ, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার বক্তব্য দেন।