শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ সিদ্ধান্ত হয়েছে। প্রায় দুই দশকের মধ্যে এই প্রথমবারের মতো শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বৃদ্ধি করা হলো। সূত্র জাতিসংঘের ওয়েবসাইট।
সাধারণ পরিষদ ভোটাভুটি ছাড়াই শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে শান্তিরক্ষীদের ভাতা বৃদ্ধির বিষয়ে মতৈক্য হয়। কয়েক বছর ধরেই শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাতা বাড়ানোর বিষয়টিসহ মোট ২৪টি প্রস্তাব ও দুটি সিদ্ধান্ত উত্থাপন করা হয়।
শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে সদস্যরা কে কোন মিশনে দায়িত্ব পালন করছেন, তার ওপর ভিত্তি করে ভাতা নির্ধারিত হবে।