শান্তিরক্ষীর শীর্ষ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়াতে অনুরোধ করেছেন। তিনি সংস্থার শান্তিরক্ষা অপারেশন-বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে লাডসুসের কাছে এ অনুরোধ করেন। হার্ভে আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে যান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ অনুরোধের জবাবে হার্ভে লাডসুস আফ্রিকার দেশগুলোতে ফরাসিসহ অন্যান্য ভাষা শিক্ষা, গন্তব্য রাষ্ট্র সম্পর্কে ব্যাপক ধারণা, দ্রুত সাড়া প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

বৈঠককালে শাহরিয়ার আলম দীর্ঘ ১৮ বছর পর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কিছু কোর্সকে জাতিসংঘের স্বীকৃতি প্রদানের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুরোধ জানান। আন্ডার সেক্রেটারি জেনারেল বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

এ স্বীকৃতি পেলে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যান্য দেশের কর্মকর্তাদের বাংলাদেশে এসব কোর্সে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।

সাক্ষাত্কালে হার্ভে লাডসুস কয়েক দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অসাধারণ ভূমিকা, কর্মদক্ষতা ও পেশাগত আচরণের প্রশংসা করেন। বৈঠকে তিনি সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সদস্যদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

জাতিসংঘের এই কর্মকর্তা কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনকালে সেখানকার শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বাংলাদেশের নারী পুলিশ কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বেশি সংখ্যক নারী কর্মকর্তা পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বাসস