শান্তি-সংলাপে জীবনযুদ্ধের কাহিনি শোনালেন প্রান্তিক নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার গৃহিণী মনোয়ারা বেগম বেশ খানিকটা দৃঢ় গলায় বললেন, ‘আমি এলাকায় নারীদের নেতৃত্ব দিই।’

টাঙ্গাইলের অজুফা মাত্র ৩০ বছর বয়সে ছোট ছোট দুই ছেলে নিয়ে বিধবা হন। তারপর ঘরে বসে পিঠা তৈরি করে ছেলেদের দিয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ডে বিক্রি করার জন্য পাঠাতেন। তাই ছেলেদের খুব বেশি পড়াতে পারেননি। তবে ছেলেদের বড় করেছেন। বিয়ে দিয়ে সংসারী করেছেন। এখনো অজুফা বসে থাকেন না, কাঁথা সেলাই করেন। হাঁস-মুরগি পালন করেন।

মনোয়ারা, অজুফাদের মতো ৮০ জন নারী গতকাল বুধবার রাজধানীতে হাজির হয়েছিলেন ‘শান্তি-সংলাপে নারী’ শীর্ষক মতবিনিময় সভায়। বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাঁরা নিজেদের অভিজ্ঞতার আলোকে মতামত দেন। সমস্যা সমাধানের পথ বাতলে দেন। বিশ্বজুড়ে শান্তিবাদী নারী (পিসওমেন অ্যাক্রস দ্য গ্লোব), সাংগাত, নিজেরা করি ও প্রাগ্রসর যৌথভাবে এ সভার আয়োজন করে।

রাজশাহীর সাধু মণি মাডী স্বামীর সঙ্গে খেতে কৃষিকাজ করেন। কৃষক হিসেবে স্বামী তাঁকে স্বীকৃতি দেন কি না, জানতে চাইলে বললেন, ‘স্বীকৃতি দেয়, আবার দেয় না। স্বীকৃতি কি আর সহজে দিতে চায়? তবে চেষ্টা করছি।’

দিনব্যাপী আলোচনায় অংশগ্রহণকারীরা অর্থনৈতিক মুক্তি: প্রান্তিক নারীর অবস্থা ও সংগ্রাম, সাম্প্রদায়িক সংঘাত ও নারীর ওপর এর প্রভাব, ঘরে-বাইরে নারীর যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম: নারীর অবস্থা ও অধিকার নিয়ে দলীয় আলোচনা করেন।

নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির দলীয় আলোচনার সময় যাতে প্রান্তিক নারীদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করে দেন। তিনি বলেন, এই নারীরা হয়তো পড়াশোনায় পিছিয়ে আছেন, কিন্তু তাঁদের জীবনের অভিজ্ঞতার দাম অনেক।

সভার শুরুতে ‘শান্তি: নারীর অবস্থান ও অবদান’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি সংগঠন রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৩২৫-এর কথা উল্লেখ করে বলেন, ২০০০ সালের ৩১ অক্টোবর ‘নারী এবং শান্তি ও নিরাপত্তা’ নামে প্রস্তাব রেজল্যুশন গ্রহণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল শান্তি স্থাপন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের শান্তি-সংলাপের আয়োজন করছে।

সভায় উপস্থিত টাঙ্গাইলের বাছাতন প্রথম আলোকে বলেন, ‘আমি ঘরেও কাজ করি, বাইরেও কাজ করি। আমি দুইটাই ঠিক রাখি। আগে কিছুই আছিল না, দুইজনে মিইল্যা খাইট্যাখুইট্যা সংসারে কিছু করছি। বলতে পারেন আমরা সুখী।’

সভায় জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী সভায় উপস্থিত ছিলেন।