শাপলা তুলতে গিয়ে তিন শিশুর মৃত্যু
সাভারের হেমায়েতপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। কালিয়াকৈরের উত্তর গজারিয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো সাভারের হেমায়েতপুরের জামু-ঋষিপাড়া এলাকার স্বপন দাসের মেয়ে হৃশিতা দাস (৭), একই এলাকার ইন্দ্রজিৎ দাসের মেয়ে স্বর্ণমণি দাস (১০) এবং বিকাশ দাসের মেয়ে শিমলা রানী দাস (৮)। হৃশিতা ও স্বর্ণা সাভারের হেমায়েতপুর জামু-দাসপাড়া এলাকার ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে এবং শিমলা একই স্কুলে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। এরা পরস্পর আত্মীয়।
নিহত শিশুদের স্বজন ও এলাকাবাসী জানান, তিন শিশুর পরিবার সাভারের হেমায়েতপুর থেকে গত মঙ্গলবার কালিয়াকৈরের উত্তর গাজারিয়া এলাকার বাসিন্দা সত্যরঞ্জন দাসের বাড়িতে বেড়াতে যায়। আজ সকাল সাড়ে আটটার দিকে সাত-আটটি শিশু কোষা নৌকায় করে বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় হৃশিতা, স্বর্ণমণি ও শিমলা। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে শিশু তিনটিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশুদের মৃত্যুর খবর শুনে স্বজনেরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। জড়ো হয় আশপাশের মানুষও। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
হাসপাতালের সামনে স্বর্ণমণির বাবা ইন্দ্রজিৎ দাস একমাত্র মেয়ের মৃত্যুতে আহাজারি করছিলেন আর বারবারই মূর্ছা যাচ্ছিলেন। হৃশিতার বাবা বিলাপ করছেন, ‘মেয়েডারে কত কইরা কইলাম, মা পানিতে যাইয়ো না। পানি থাইকা দূরে থাইকো। সেই পানিতে গিয়াই মেয়েডারে হারাইলাম। এখন আমারে কে বাবা বইলা ডাকব। মারে তুই কেন পানিতে গেলি।’
উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য বিরেন্দ্র চন্দ্রমণি দাস প্রথম আলোকে জানান, ওই তিন শিশু সকালে বিলে কোষা নৌকা নিয়ে শাপলা ওঠানোর সময় কোষা নৌকাটি পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে মারা যায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু তিনটির মৃত্যু হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সজীব খান জানান, পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।