শাপলা তুলতে গিয়ে মারা গেল হাসি আর খুশি

হেসেখেলে বেড়াত যমজ বোন হাসি আর খুশি। গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছিল তাদের পদচারণ। তিন বছর আগে জন্ম এই দুই বোনের। গতকাল বৃহস্পতিবার সকালে বিলের পানিতে ফুটে থাকা শাপলা ফুল তুলতে গিয়ে মারা গেছে তারা। এ সময় আহত হয়েছে তাদের চাচাতো বোন জান্নাত (৩)।
গ্রামবাসী সূত্র জানায়, এক বোন পানিতে ডুবে গেলে যমজ আরেক বোনও তার পিছু নিয়ে পানিতে নেমে পড়ে। পরে সেই বোনটিও ডুবে মারা যায়। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজলপুর গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা মন্টু মিয়া জানান, উজলপুর গ্রামের জহুরুল ইসলামের তিন মেয়ে। বড় মেয়ে ফারজানা (৮) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তিন বছর আগে জহুরুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির যমজ কন্যাসন্তানের জন্ম হয়। শখ করে তাঁরা নাম রাখেন হাসি আর খুশি। তাদের বাবা একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করেন। দরিদ্র পরিবার হলেও হাসি-খুশির জন্য আদর-ভালোবাসার কোনো কমতি ছিল না। এমনকি প্রতিবেশীরাও মেয়ে দুটিকে খুব ভালোবাসতেন। মেয়ে দুটিও একসঙ্গে গ্রামের সব এলাকায় ঘুরে ঘুরে বেড়াত।
মন্টু মিয়া আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসি-খুশি আর জান্নাত বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। রাস্তার পাশে রয়েছে ব্যালনবিল। শিশু দুটি রাস্তায় খেলা করার সময় দেখতে পায় বিলের পানিতে শাপলা ফুল ফুটে আছে। এই দেখে হাসি প্রথমে ফুল তুলতে যায়। রাস্তার ওপর ছিল খুশি আর জান্নাত। হাসিকে ফিরে আসতে না দেখে ফুল তুলতে এবার যায় খুশি। সেও ফেরেনি, এমন অবস্থায় জান্নাত পানিতে নামে। দূর থেকে জান্নাতকে পানিতে নামতে দেখেন তারই ভাই আমিনুর রহমান। তিনি দৌড়ে গিয়ে দেখেন জান্নাত পানিতে ডুবে যাচ্ছে। তিনি দ্রুত তাকে পানি থেকে উঠিয়ে নেন। এ সময় হাসি-খুশির খোঁজ না মিললে পানিতে নেমে যান আমিনুরসহ অনেকে। পরে ডুবে থাকা ওই দুই শিশুকে উদ্ধার করেন তাঁরা। বেঁচে আছেন ভেবে তাঁরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন ওই কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুব আলম। এই যমজ বোনের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, মেয়ে দুটি খুবই ফুটফুটে চেহারার ছিল। তা ছাড়া গ্রামের অনেকের কাছে তারা প্রিয়ও ছিল।