শাপলা তুলতে নেমে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় শাপলা ফুল তুলতে নেমে পুকুরে ডুবে ঋতু মণি (৮) ও হৃদয় হোসেন (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মোগলহাট ইউনিয়নের ১ নং ফুলগাছ গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বাবা-মা রফিকুল ইসলাম ও রমিছা বেগম ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ঋতু ও হৃদয় তাদের নানা আবদুর রউফের বাড়িতে থেকে স্থানীয় স্কুলে পড়াশোনা করত।

নানা আবদুর রউফ বলেন, ‘আজ সকালে স্কুলের পরীক্ষা শেষে ঋতু ও হৃদয় আমার ছোট ভাই আবদুর রইচের বাড়িতে দাওয়াত খেতে যায়। এ সময় জাহিদ ও সোহাগ নামের আরও দুই শিশুর সঙ্গে ঋতু ও হৃদয় বাড়ির পাশের পুকুরে শাপলা ফুল তুলতে নামে। সোহাগ ও জাহিদ পুকুর থেকে উঠে এলেও ঋতু ও হৃদয় পানিতে ডুবে যায়। পরে জাহিদ ও সোহাগের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দুই ভাই-বোনকে পুকুর থেকে তুলে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আবদুর রউফ আরও বলেন, মেয়ে রমিছা বেগম ও তাঁর স্বামী রফিকুল সামান্য বেতনে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সন্তানদের নিজেদের কাছে রেখে পড়ালেখা করানোর সামর্থ্য না থাকায় ঋতু ও হৃদয় এখানে থেকে পড়ালেখা করত।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, ঋতু ও হৃদয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ঋতুর স্কুল মোগলহাটের ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল ইসলাম বলেন, ‘হাসি-খুশি এই মেয়েটি যে এভাবে কাঁদিয়ে চলে যাবে, আর কখনো বিদ্যালয়ে যাবে না বা পরীক্ষা দেবে না, তা ভেবে সত্যি খুব খারাপ লাগছে।’

হৃদয়ের স্কুল ফুলগাছ ব্র্যাক প্রি-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকলে ওই দুই শিশুর লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।