শাপলা তুলতে পুকুরে নেমে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার ১ নম্বর ফুলগাছ গ্রামে গতকাল মঙ্গলবার শাপলা ফুল তুলতে পুকুরে নেমে ভাইবোনের মৃত্যু হয়েছে। ওই দুজনের নাম ঋতু মণি (৮) ও হৃদয় হোসেন (৬)। তারা ২ নম্বর ফুলগাছ গ্রামের রফিকুল ইসলামের সন্তান।
ঋতু ও হৃদয় নানা আবদুর রউফের বাড়িতে থেকে পড়াশোনা করত। তাদের বাবা রফিকুল ইসলাম ও মা রমিছা বেগম ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
ঋতু ও হৃদয়ের নানা আবদুর রউফ বলেন, ‘গতকাল সকালে স্কুলে পরীক্ষা দিয়ে ঋতু মণি বাড়িতে ফেরার পর আমার ছোট ভাই আবদুর রইচের বাড়িতে দুপুরে দাওয়াত খেতে যায়। তার সঙ্গে হৃদয়ও যায়। রইচের বাড়ির পাশে পুকুরে ঋতু ও হৃদয় সোহাগ ও জাহিদ নামের দুই শিশুর সঙ্গে শাপলা তুলতে নামে। সোহাগ ও জাহিদ পুকুর থেকে উঠে আসতে পারলেও ঋতু ও হৃদয় পানিতে তলিয়ে যায়। জাহিদ ও সোহাগের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে ঋতু ও হৃদয়কে পুকুর থেকে তুলে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, বেলা তিনটার দিকে ওই দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মৃত অবস্থায়ই আনা হয়েছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।