শাপলার স্বাদ

নিত্যদিন আলু-পটোল খেতে আর কতই বা ভালো লাগে? শৌখিন রন্ধনশিল্পী ও ভোজনরসিকদের বেলায় তো সাদামাটা খাবারের কথা ভাবাই যায় না! আর এই মানুষদের খাবারের স্বাদ বদলাবে রাজধানীর সবজির দোকানগুলোতে জায়গা করে নেওয়া সাদা শাপলা।
গতকাল মঙ্গলবার লালমাটিয়ায় ভ্যানে করে নানান সবজির সঙ্গে শাপলা বিক্রি করছিলেন রিয়াজ। সাত থেকে আটটি শাপলা দিয়ে একেকটি আঁটি করা হয়েছে। তিনি প্রতি আঁটি বিক্রি করছেন ১২ টাকা করে। রিয়াজ জানালেন, রায়েরবাজার থেকে ২০টি আঁটি কিনে এনেছেন। একেকটি আঁটিতে পাঁচ টাকার মতো লাভ থাকে। শহুরে ক্রেতারা বেশ পছন্দ করেন বলে বিক্রিও ভালো। গ্রামে অভাবের সময় শাপলার কদর বাড়ে।
শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। বাংলাপিডিয়ায় বলা হয়েছে, ‘শাপলার প্রজাতি সংখ্যা প্রায় ৫০, জন্মে নানা দেশে। বাংলাদেশে দুটি সাদা রঙের (Nymphaea nauchalli) ও লাল রঙের রক্তকমল, একই প্রজাতিভুক্ত (পূর্বনাম N. rubra) এবং দ্বিতীয়টি শালুক/নীল-শাপলা (N. stellata)। এগুলোর প্রতিটি ঝোপে লম্বা বোঁটায় একত্রে কয়েকটি একক ফুল ফোটে এবং পানির ওপর উঁচিয়ে থাকে। প্রায় সারা বছরই ফুল হয়; বর্ষা ও শরৎকালে বেশি। বোঁটা গ্রামাঞ্চলে জনপ্রিয় সবজি। সিদ্ধ গেঁড় ও বীজের খৈ সুস্বাদু। পৃথিবীর বৃহত্তম পাতার আমাজন লিলি (Victoria amazonica) কোনো কোনো বাগানের পদ্মপুকুরে দেখা যায়। দ্বিতীয় বৃহত্তম পাতার মাখনা (Eurayle ferox) বাংলাদেশের জলাভূমিতে জন্মে। পুরো গাছটিই কাঁটাভরা। বীজ খাওয়া যায়।’
শাপলা খেতে পছন্দ করেন মোহাম্মদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম। পেশায় চিকিৎসক রফিকুল ইসলামের বাড়ি হবিগঞ্জের হাওর এলাকায়। ছোটবেলা থেকেই তাঁর শাপলা-শালুকের সঙ্গে সখ্য। তিনি রান্না করতে ভালোবাসেন। রফিকুল ইসলাম জানালেন, বাজারে বা সবজির ভ্যানে শাপলা দেখেছেন আর তা না কিনে বাড়ি ফিরেছেন, এমন ঘটনা খুব কমই ঘটে। তাঁর কণ্ঠে খানিকটা হতাশা, ‘আগের মতো আর কই পাওয়া যায় শাপলা?’
রফিকুল ইসলাম জানালেন, ছোট চিংড়ি দিয়েই শাপলা বেশি মজা। তবে শুঁটকি দিয়েও রান্না করা যায়। শালুক কাঁচা, সেদ্ধ বা ছাতু বানিয়ে খাওয়া যায়।