শাপলা-তাজহাট সড়কে খানাখন্দে চলা কঠিন

রংপুর নগরের শাপলা চত্বর থেকে তাজহাট বাবুপাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের কমপক্ষে ২০টি স্থানে তৈরি হয়েছে ছোট-বড় খানাখন্দ। সড়কটি দিয়ে শহর থেকে লোকজন দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়িতে যাতায়াত করে থাকে। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই সব খানাখন্দের পানি জমে সড়কটিতে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিনে ১৮ আগস্ট সকালে দেখা গেছে, শহরের শাপলা চত্বরের পাশে, ঠিকাদার পাড়ার মোড়, নুরপুর মোড়, আলমনগর, রেলগেট, বাবুপাড়া এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে খোয়া, ইট বের হয়ে রয়েছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের খানাখন্দ ছাড়াও দুই পাশে পানি জমে রয়েছে। সড়কের এই বেহাল দশায় কোনো রকমে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা রিকশা।
সিটি করপোরেশন ও এলাকাবাসী সূত্র জানায়, সাবেক পৌরসভার আমলে ২০১২ সালের জানুয়ারিতে শেষবারের মতো সড়কটিতে সংস্কারকাজ করা হয়। সড়কের পাশে নর্দমা থাকলেও তা ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে ডুবে যায়। জমে থাকা পানিতেই সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ। গত জুলাই মাসে সড়কটির পাশ দিয়ে পানির পাইপলাইন বসানো হলেও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে এ রাস্তা দিয়ে শহর থেকে লোকজন দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়িতে যাওয়া ছাড়াও ঠিকাদার পাড়া, নুরপুর, আলমনগর, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, পানি উন্নয়ন বোর্ড, বাবুপাড়া এলাকার লোকজনেরও চলাচলের একমাত্র পথ এটি। সেই সঙ্গে রেলস্টেশনেও যাওয়ার রাস্তা এটি।
বাবুপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী বুলবুল আহমেদ বলেন, সন্তানদের রিকশা কিংবা অটোতে করে বিদ্যালয়ে আনা-নেওয়ার সময় ঝাঁকুনিতে ছিটকে পড়ার ভয় হয়।
আলমনগর এলাকার রাজমিস্ত্রি শফিয়ার রহমান বলেন, দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতে বাইসাইকেলে চড়ে যেতেও দুর্ঘটনার ভয় কাজ করে। কষ্ট তো আছেই।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক নূর হোসেন বলেন, এই সড়কে গাড়ি চালিয়ে কেনো শান্তি নেই। গাড়ির অবস্থাও খারাপ হয়ে যায়। এদিকে যাত্রীরা তো ভাড়া বেশি দিতে চান না।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে বলেন, রাস্তার দুই ধারে কিছু দোকানপাট থাকায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। রাস্তার দুই পাশের দোকানপাটের পানি ও বৃষ্টির পানি জমে রাস্তাটির এ অবস্থা হয়েছে। সড়কটি সংস্কারে চিন্তাভাবনা চলছে।