
বনানীতে দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও তাঁর দুই বন্ধুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলাটি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাসউদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হলেন আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। ধর্ষণের শিকার এক ছাত্রী এই পাঁচজনকে আসামি করে মামলা করেন।
শাফাত আহমেদ ও তাঁর সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাঈম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে এবং রহমত আলী ও বিল্লাল হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।