শাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, পুলিশ মোতায়েন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার রাতে ছাত্রীহল ও উপাচার্যের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে নিয়মিত টহল পুলিশের পাশাপাশি আর্মড পুলিশও মোতায়েন করা হয়েছে।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুচ্ছপদ্ধতির সমন্বিত ভর্তি পরীক্ষা বহাল রাখায় ফের আন্দোলন শুরু হচ্ছে। বিএনপি ও জামায়াত-সমর্থিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অভিভাবক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সচেতন সিলেটবাসী’ এই আন্দোলনে নামছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের বাসা ও ছাত্রী হলের আশপাশে সশস্ত্র পুলিশের দল সার্বক্ষণিক পাহারায় রয়েছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, ভর্তি পরীক্ষা স্থগিত ও পরীক্ষাপদ্ধতি নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগ করার ঘোষণা এবং পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহারের ঘটনার পরপরই রাতে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত প্রায় সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসার সামনে চারটি, ছাত্রীহল ও টিচার্স কোয়ার্টারের মধ্যবর্তী স্থানে তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বলেন, আর্মড পুলিশ দল ছাত্রীহলসহ শিক্ষক ও উপাচার্যের বাসভবনের দিকে বিশেষ নজর রাখবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষা পুনর্বহাল করায় বুধবার রাতে জরুরি সভা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে সচেতন সিলেটবাসী। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষাপদ্ধতি বাতিলের সুস্পষ্ট ঘোষণা না দিলে আগামী ১ ডিসেম্বর রোববার বিশ্ববিদ্যালয় অভিমুখে পদযাত্রা করবে তারা। এর পরও বাতিল না করা হলে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়া মাত্র হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়। নগরের হাউজিং এস্টেট এলাকায় বুধবার রাতে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ‘সচেতন সিলেটবাসী’র আহ্বায়ক রেজাউল হাসান লোদীর সভাপতিত্বে ওই সভা হয়। রেজাউল হাসান জানান, ১ ডিসেম্বর বেলা ১১টায় নগরের আম্বরখানা মোড় থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখে পদযাত্রা হবে। ওই পদযাত্রার পর দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচিও চূড়ান্ত করে রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আগের দিন অবরোধ এবং পরীক্ষার দিন হরতাল করে দাবি আদায়ে কর্তৃপক্ষকে বাধ্য করা হবে। এই আন্দোলন অঞ্চলভিত্তিক কোনো শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, আবার কারও পক্ষেও নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো কোটা নির্ধারণও আমরা চাই না। আমরা চাই সমন্বিত ভর্তি কার্যক্রম যেন একটির সঙ্গে না হয়। হলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হবে।’