শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ। ২১ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই সমাবেশ হয়।

সমাবেশের ব্যানারে লেখা ছিল, ‘২৪টি তাজা প্রাণ বাঁচাতে ও শাবি ভিসির পদত্যাগের দাবিতে সমাবেশ’। এই কর্মসূচিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। একই দাবিতে ১৭ জানুয়ারিও রাজু ভাস্কর্যে সমাবেশ করেছিলেন তাঁরা।

কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র তানভীর আকন্দ। তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের সমর্থন না করে উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মরিয়া। কারণ, এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ে থেকে না গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করবেন।

তাই তাঁরা উপাচার্যের ‘পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান মানতে রাজি নন। তিনি আরও বলেন, ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের দাবি না মেনে বেহায়ার মতো গদি আঁকড়ে আছেন। তাঁর সহযোগী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক। এই বেহায়া উপাচার্যের অপসারণ আমাদের একমাত্র দাবি। এই স্বৈরাচারী উপাচার্যকে আমরা আর পদে দেখতে চাই না।’

সমাবেশের একপর্যায়ে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থীরা। মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে অবস্থান নেন। রাত সোয়া আটটার দিকেও তাঁরা সেখানে অবস্থান করছিলেন।