শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, আ.লীগ ও শিক্ষক সমিতির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্নের পর উপাচার্যের বাসভবন এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। রোববার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
ছবি: আনিস মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং শাবিপ্রবি শিক্ষক সমিতি। রোববার রাতে গণমাধ্যমে বিবৃতি দুটি পাঠানো হয়।

এর আগে রাত সোয়া সাতটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের মূল সড়কের পাশ থেকে নেওয়া বিদ্যুতের সংযোগ কেটে দেন। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই উপাচার্যের বাসভবন অন্ধকার হয়ে যায়।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

বিবৃতিতে আওয়ামী লীগের নেতারা বলেন, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে, সে অবস্থায় এমন কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে। জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারে না। এই ধরনের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন।

রোববার দিবাগত রাত একটার দিকে যোগাযোগ করা হলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি। আমাদের সঙ্গে প্রতিনিয়ত তাঁদের আলাপ হচ্ছে। এই মুহূর্তে তাঁরা যে অমানবিক কাজ করেছে, এটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যে কারণে আমরা বিবৃতি দিয়েছি।’

এদিকে রোববার রাতে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনার নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতি এই ধরনের কোনো কর্মকাণ্ড একেবারেই সমর্থন করে না। আন্দোলনকারীরা সব ধরনের সহিংসতা পরিহার করবে, এটাই শিক্ষক সমিতি আশা করে।

এর আগে রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগ না করলে জরুরি পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর ঠিক আড়াই ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পরপরই মাইকে ঘোষণা দিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানানো হয়।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে বসে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের বাসভবনে পুলিশ সদস্য ও সংবাদকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

শা‌বিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়।

পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।