শাবিপ্রবিতে এবার শিক্ষার্থীদের ‘চাষাভুষার টং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গোলচত্বর এলাকায় ‘চাষাভুষার টং’ নামে একটি দোকান বসিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে চায়ের জন্য অনেক শিক্ষার্থীকেই ভিড় করতে দেখা গেছে
ছবি: আনিস মাহমুদ

‘কার লাগবে চা। লাল চা পাঁচ টাকা, দুধ চা আট টাকা। চাইলে বিস্কুটও নিতে পারেন।’ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গোলচত্বর এলাকায় একটি টং দোকান বসিয়ে এভাবেই ডাকছিলেন এক শিক্ষার্থী। দোকানের নাম দেওয়া হয়েছে ‘চাষাভুষার টং’। সাড়াও এসেছে। অনেক শিক্ষার্থীকেই দেখা গেছে চায়ের জন্য দোকানটিতে ভিড় করতে। এ চিত্র মঙ্গলবার মধ্যরাত দুইটার দিকের।

শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সব টং দোকান এবং ফুডকোর্টগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিংও। এ নিয়ে শিক্ষার্থীরা অনেকটা বিপাকে পড়েন।

এর আগে গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, ‘আমরা চাষাভুষা নই, শিক্ষক। আমাদের সম্মান দিতে হবে।’ ওই শিক্ষকের এমন মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ আনেন, ‘ওপর মহলের’ নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সব টং ও ফুডকোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে হলগুলোর ডাইনিংও বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বেকায়দায় ফেলতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা টংয়ের বিকল্প ব্যবস্থা করেছে। এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে গোলচত্বর এলাকায় টং দোকান বসানো হয়।

সরেজমিনে দেখা যায়, গভীর রাতেও টং দোকান ঘিরে ছিলেন শিক্ষার্থীরা। দোকান ঘিরে থাকা তিনটি বেঞ্চের একটিও খালি ছিল না। টং দোকানটি বসিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী মিলে দোকানের কাজ সামলাচ্ছিলেন।

টং দোকানে শিক্ষার্থীদের ভিড়
ছবি: আনিস মাহমুদ

চা বানাতে ব্যস্ত শিক্ষার্থী সাদিক আহমদ প্রথম আলোকে বলেন, রং চা পাঁচ টাকা ও দুধ চা আট টাকা দাম ধরে চার্ট টাঙানো হয়েছে। তবে যাঁরা চা খাচ্ছেন তাঁরা অনেকেই এর চেয়ে বেশি টাকা দিয়ে যাচ্ছেন। টাকাগুলো একসঙ্গে রাখা হবে। ক্যাম্পাসের দোকান ও ফুডকোর্টগুলো পরদিনও বন্ধ থাকলে এই টং দোকান আবার চালু করা হবে। শিক্ষার্থীরাই নিজস্ব অর্থায়নে কাপ, চিনি, আদা, চা পাতা, কেতলিসহ টং দোকান চালানোর বিভিন্ন সামগ্রী জোগাড় করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, এক শিক্ষকের মন্তব্যের প্রতিবাদেই দোকানের নাম ‘চাষাভুষার টং’ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টং দোকানগুলো বন্ধ থাকায় এর বিকল্প হিসেবে শিক্ষার্থীরাই এ দোকানটি বসিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।