শাবিপ্রবির আন্দোলন নিয়ে যা বলল উপাচার্যদের সংগঠন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। সংগঠনটি বলছে, উদ্ভূত পরিস্থিতি দেশের উচ্চশিক্ষার ব্যবস্থা ধ্বংসে চক্রান্তের অংশ।
গত শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বিবৃতিটি প্রকাশ করে। এতে জানানো হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ২০ জানুয়ারি পরিষদের ভার্চ্যুয়াল সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাবিবুর রহমান। সভায় ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘নীতিবহির্ভূতভাবে’ উপাচার্যের পদত্যাগের দাবিতে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, তা সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলার মাধ্যমে দেশের উচ্চশিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করার একটি চক্রান্তের অংশ বলেই বোঝা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতিমধ্যে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে একজন নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও উপাচার্যসহ তাঁর পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার মাধ্যমে বর্তমানে যে জটিল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কটি শ্রদ্ধা, স্নেহ ও পারস্পরিক সম্মানবোধের। সেটি যেন অক্ষুণ্ন থাকে, তা অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং যেকোনো সমস্যা—তা যত বড়ই হোক না কেন, আলাপ-আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে।’
শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়।
পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।