শামরুখরা এখন যাবেন কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়ারচর গ্রামের শামরুখ বেগমের (৪৩) স্বামী মারা গেছেন বছর তিনেক আগে। তিন ছেলেমেয়ে নিয়ে দুই কক্ষের একচালা ঘরে থাকতেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’ তাঁর ঘরটি উড়িয়ে নিয়ে গেছে।

ঘূর্ণিঝড়ের সময় অন্য অনেকের সঙ্গে শামরুখ কাছের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। ঘূর্ণিঝড় শেষে এখন অনেকে আশ্রয়কেন্দ্র ছাড়ছেন। কিন্তু শামরুখের সে উপায় নেই। একমাত্র বসতবাড়ি ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ায় তাঁর চোখেমুখে দুশ্চিন্তা ভর করেছে। এ অবস্থায় তাঁর প্রশ্ন, ‘এহন আঁই হডে যাইয়্যুম (এখন আমি কোথায় যাব)?’

শামরুখের প্রতিবেশী লবণশ্রমিক আহমদ ছফার ঘরটিও বাতাসের তোড়ে ভেঙে গেছে। পরিবার নিয়ে এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। আহমদ ছফা বলেন, মাস দুয়েক আগে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ঘর তৈরি করেছিলেন তিনি। সেই ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এখন কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না।

ঘূর্ণিঝড় মোরার আঘাতে পেকুয়া উপজেলার আরও অনেকেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব উল করিম প্রথম আলোকে জানান, উপজেলায় ১ হাজার ২১৫ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০০ বসতঘর সম্পূর্ণ ও ১ হাজার ১৫ বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দুর্গতিতে পড়েছেন উপজেলার ৩৫ হাজার মানুষ। তারের ওপর গাছ পড়ে পুরো উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

ঘূর্ণিঝড়ে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে জানান, উপজেলার ১০ হাজার ২২৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ১৯৩টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৩৫টি। ঘূর্ণিঝড়ের কারণে দুর্গতিতে পড়েছেন উপজেলার ৭৪ হাজার ৭৩০ জন মানুষ।

পল্লী বিদ্যুৎ সমিতি চকরিয়া কার্যালয়ের ডিজিএম আবদুস সামাদ বলেন, বৈদ্যুতিক তারে গাছ পড়ে উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নয়টি বিদ্যুতের টাওয়ার ও ২৪টি খুঁটি ভেঙে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। আজ বুধবার রাতের মধ্যে কিছু সংযোগ ঠিক হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে।

পেকুয়া ও চকরিয়া উভয় উপজেলায় ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। উপজেলা দুটির ইউএনও প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।