শামসুজ্জামান আরিফ সাথী ও আয়েশা আবার রিমান্ডে
নিহত শিশু সামিউলের মা আয়েশা, আয়েশার বন্ধু শামসুজ্জামান আরিফ ও তাঁর স্ত্রী নাদিরা জামান সাথীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের তিনজনকে এখন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।আদাবর থানার কর্মকর্তা আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার কারাগার থেকে সাথীকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে আনা হয়। রোববার তাঁর রিমান্ড মঞ্জুর হয়েছিল। এ ছাড়া গতকাল আয়েশাকে পাঁচ দিন ও আদাবর থানার অন্য একটি হত্যা মামলায় শামসুজ্জামানকে তিন দিনের রিমান্ডে আনা হয়।মামলার তদন্তকারী সূত্র জানায়, শিশু সামিউলকে হত্যার দায় স্বীকার করে এর আগে শামসুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলেছেন, আয়েশার সহায়তায় তিনি গলাটিপে শিশুটিকে খুন করেছেন। সামিউলকে কোথায় খুন করা হয়েছে, লাশ বাইরে ফেলে দেওয়া হলো কীভাবে এর বিশ্বাসযোগ্য জবাব মেলেনি তাঁর কাছ থেকে। এর আগে আয়েশা, শামসুজ্জামান ও সাথীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার জন্য তাঁরা একে অপরকে দোষারোপ করেছিলেন। হত্যাকাণ্ডের আগে ও পরে পুরো ঘটনার বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই তিনজনকে আবার মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য উদ্ঘাটন করা হবে।