শামসুজ্জামান গ্রেপ্তার মোশাররফ-মঈন-জমিরের বাসার সামনে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গতকাল রোববার সন্ধ্যায় মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিএনপির চার কেন্দ্রীয় নেতার বাড়ি ও ব্যবসায়িক কার্যালয়ের সামনে গতকাল রোববার রাতে গুলি ও ককটেল হামলা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় মিরপুর অরিজিনাল ১০ নম্বরে একটি বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শামসুজ্জামানকে গ্রেপ্তার করে। তিনি সেখানে লোকজন নিয়ে বৈঠক করছিলেন।
ওসি জানান, শামসুজ্জামানের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা, পুলিশের ওপর হামলার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বেশ কিছু হামলা-ভাঙচুরের ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্ররোচনাদাতা হিসেবে মামলাগুলোতে তাঁর নাম রয়েছে।
এদিকে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় খন্দকার মাহাবুব হোসেনের চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ, রাত পৌনে ১০টার দিকে খন্দকার মোশাররফ হোসেন ও মঈন খানের গুলশানের বাসার সামনে ফাঁকা গুলি এবং রাত ১১টার দিকে ধানমন্ডিতে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বাসার সামনে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। তবে ব্যারিস্টার জমিরের বাসার সামনে গুলি ছোড়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁর মালিবাগ চৌধুরীপাড়ায় চেম্বারের সামনে চারটি মোটরসাইকেলে এসে ককটেল ফাটিয়ে চলে যায় দুর্বৃত্তরা। তিনি তখন চেম্বারে ছিলেন না। দুর্বৃত্তরা পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।
রাত পৌনে ১০টার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য খন্দকার মোশাররফ ও মঈন খানের বাড়ির সামনে ফাঁকা গুলি ছোড়ার খবর শোনা যায়। এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৌনে ১০টার দিকে গুলশান ২ নম্বরে খন্দকার মোশাররফের বাড়ির এক বাড়ি পরে এক প্রকৌশলীর বাসার সামনে গুলি ছোড়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই বাড়িটির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে একটি গুলি করে এবং আগুন ধরিয়ে দেয়। দুটি ফাঁকা গুলিও করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। এর কিছুক্ষণ পরেই গুলশান-২-এ মঈন খানের বাসার সামনে দুটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।
রাত ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জমিরউদ্দিন সরকারের ধানমন্ডির ১২ নম্বরের বাসার সামনে গুলি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ রকম কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গতরাতে বলেন, মঈন খানের বাসা লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। খন্দকার মাহাবুবের বাসা লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে বলেও তিনি জেনেছেন।