শামসুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএম শামসুদ্দিন
এটিএম শামসুদ্দিন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের এ টি এম শামসুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতে হাজির করা হলে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম এস এম রাজিবুল হাসান তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ চৌরাস্তা থেকে শামসুদ্দিনকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে সদর মডেল থানায় রাখা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের দুই ভাই মো. নাসির উদ্দিন (৬২) ও এ টি এম শামসুদ্দিনের (৬০) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করেন। অভিযোগ রয়েছে, মুক্তিযুদ্ধের সময় তাঁরা রাজাকার বাহিনীতে যোগ দেন। করিমগঞ্জের বিদ্যানগর, আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশপাশের বিভিন্ন এলাকায় তাঁরা অপরাধ করেন। চূড়ান্ত প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের কথা বলা হয়। তদন্ত সংস্থা গত বুধবার প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গোয়েন্দা পুলিশ শামসুদ্দিনকে গ্রেপ্তার করে। তবে তাঁর বড় ভাই নাসির উদ্দিন পলাতক রয়েছেন।
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে শামসুদ্দিনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।