শামসুদ্দীনরা এখনো অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানা শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ও তাঁর বন্ধু তরিকুল ইসলামকে ২০১৩ সালের ৬ ডিসেম্বর রাতে দক্ষিণখানের মোল্লারটেকের বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ লেখা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। নিজামের বাবা শামসুদ্দীন তখন সেখানেই ছিলেন। এরপর র‍্যাব, পুলিশ, ডিবিসহ বিভিন্ন কার্যালয়ে গিয়ে ছেলেকে খুঁজেছেন, কোথাও লাশ উদ্ধারের খবর শুনলে ছুটে গেছেন। কিন্তু ছেলেকে পাননি।

ছেলেকে খুঁজতে খুঁজতে শামসুদ্দীন নিজেও অসুস্থ হয়ে পড়েছেন, পরিবারটিও নিঃস্ব হওয়ার পথে। এখনো ছেলের অপেক্ষায় থাকা শামসুদ্দীন গতকাল মঙ্গলবার বলেন, ‘আজকেও (মঙ্গলবার) বিএনপির সমাবেশে গেছিলাম, যদি ওরা আমাদের ছেলের বিষয়ে কিছু বলে। এখন আমার চাওয়া একটাই। আমার ছেলেকে যদি মেরে ফেলে তাহলে কোথায় মাটিতে পুঁতে রাখা হয়েছে, তা বলে দিক। আমি ছেলের মাটি নিয়ে শেষ দিন পর্যন্ত বেঁচে থাকব।’

২০১৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে রাজধানী থেকে গুমের শিকার হয়েছেন বিএনপি ও ছাত্রদলের ১৯ জন। তাঁদের দুজন নিজাম ও তরিকুল। ঘটনার বর্ণনা সব পরিবারের প্রায় একই রকম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আসা একদল লোক ধরে নিয়ে গেছে। এরপর র‍্যাব, ডিবি আর হাসপাতালে খোঁজাখুঁজি। কেউ কোথাও পড়ে থাকা অবস্থায় স্বজনের লাশ পেয়েছেন। ভাগ্যবান কেউ ফিরে এসেছেন, কাউকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ‘নিখোঁজ’ বাকিদের পরিবার এখনো অপেক্ষায় দিন গুনছেন। তাঁদের স্বজনেরা বিভিন্ন সময় একত্র হয়ে তাঁদের ফিরে পাওয়ার আর্তি জানাচ্ছেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবমতে, গত বছর সারা দেশে গুমের শিকার হয়েছেন ৫৫ জন। যাঁদের মধ্যে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে, সাতজনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে, পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ। এর আগের দুই বছরে (২০১৩ ও ২০১৪ সালে) গুমের শিকার হয়েছেন ১৪৬ জন। এই তিন বছরে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রাজনৈতিক কর্মী। বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির নেতারা তাঁদের বহুসংখ্যক নেতা-কর্মী গুম-গুপ্তহত্যার শিকার হয়েছেন বলে উল্লেখ করলেও সঠিক সংখ্যা দিতে পারেননি।

২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বরে রাজধানী থেকে গুমের শিকার ১৯ জনের একজন সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজার বোন রেহেনা বানু বলেন, সেলিমকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন প্রচণ্ড জ্বরে বিছানায় কাতরাচ্ছিলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একদল লোক বাসায় ঢুকে বিছানা থেকে সেলিমকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর থেকে তাঁর খোঁজ নেই।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদুল ইসলাম গতকাল বলেন, তাঁর মা হাজেরা খাতুন এখনো হাল ছাড়েননি। প্রতিদিনই তিনি তালিকা করেন কোথায় গেলে হারানো ছেলেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কার কাছে গেলে কোনো খোঁজ পাওয়া যাবে। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কীভাবে হারানো ছেলের খোঁজে লাগানো যাবে ইত্যাদি।

গুমের বাইরে গত বছর কথিত ক্রসফায়ার, গুলি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় ১৯১ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে ‘ক্রসফায়ারে’ মারা গেছেন ১৪৬ জন।