শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন স্বর্ণপদক ২০১৬ পেয়েছেন দর্শন বিভাগের খাদিজা রহমান। এ ছাড়া পাঁচজন ছাত্রীকে মেধাবৃত্তি, ছয়জনকে সাধারণ বৃত্তি ও দুজনকে এককালীন বই সাহায্য বৃত্তি দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল মিলনায়তনে ছাত্রীদের হাতে এসব পদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় প্রাধ্যক্ষ বৃত্তি, বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়।
মেধা বৃত্তিপ্রাপ্তরা হলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের তাসলিমা আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শারমিন আক্তার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামিয়া নাজ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নুশমা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সালওয়া মোস্তফা।
অনুষ্ঠানে ‘অগ্নি পরিধির মাঝে দাঁড়িয়ে শুনিয়েছেন কিন্নর কণ্ঠ’ শীর্ষক ফাউন্ডেশন বক্তৃতা দেন শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী কাজী মদিনা। তিনি বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার সুযোগ্য শিষ্য ছিলেন শামসুন নাহার মাহমুদ। তাঁর আদর্শ ছিল সমাজসেবা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শামসুন নাহার মাহমুদ নারীশিক্ষা ও নারীর সামাজিক উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নবীন শিক্ষার্থী ও পদকপ্রাপ্তদের সামনে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা প্রমুখ বক্তব্য দেন।