শামসুন নাহার হলে স্মৃতির আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণের বন্ধনে’ মিলিত হতে অতীত স্মৃতি রোমন্থনে একত্র হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রাক্তন ছাত্রীরা। পুরোনো সতীর্থদের পেয়ে তাঁরা যেন ভাসলেন ‘স্মৃতির আনন্দে’।

গতকাল শুক্রবার শামসুন নাহার হল প্রাঙ্গণে সাবেক ছাত্রীদের এই মিলনমেলা বসে। তৃতীয়বারের মতো আয়োজিত
এই পুনর্মিলনী উপলক্ষে হলটি সাজানো হয় মনোরম সাজে। দেশের বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রীরা এসে জড়ো হন স্মৃতিমাখা হল চত্বরে। 

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন হয়। প্রয়াত সদস্যদের স্মরণে নীরবতাও পালন করা হয়। পরে নবীন-প্রবীণের ভাব বিনিময়ে উৎসবমুখর হয়ে ওঠে হল প্রাঙ্গণ। অসচ্ছল পাঁচ ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন প্রাক্তন পাঁচ ছাত্রী।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রাক্তন ১০ ছাত্রীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন হলের প্রথম প্রাধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা চৌধুরী, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি অধ্যাপক সুলতানা শফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সংসদ সদস্য মাহবুব আরা বেগম, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, সাংবাদিক রাশেদা আমিন, সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ শাহিদা খাতুন, কবি দিলারা হাফিজ, উদ্যোক্তা সেলিনা আলী ও রাফেজা খাতুন।

প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সমাজে যারা পেছনে পড়ে আছে, তাদের শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি চাকরিজীবী নারীদের শহরে থাকার ক্ষেত্রে আবাসন সমস্যার কথা উল্লেখ করেন।

উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের ভাষায়, স্মৃতি ধারণ করে মানুষ এগিয়ে যায়। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ যেমন বারবার মায়ের কাছে ফিরে যায়, তেমনি সুযোগ পেলেই ছুটে আসে এমন আয়োজনে।

সংগঠনের সভাপতি আভা দত্তের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা।